স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে সাহিবজাদা ফারহানের দুর্দান্ত পারফরম্যান্সে ১৭১ রানের সম্মানজনক স্কোর গড়ে পাকিস্তান। এই ব্যাটার ৪৫ বল খেলে ৫৮ রান করেন। এই ওপেনারের হাফসেঞ্চুরি পাকিস্তানের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে দিলেও পর তার উদ্যাপন নিয়ে বিতর্ক উঠেছে। তিনি ব্যাটকে ‘বন্দুক’ বানিয়ে আকাশের দিকে তিনবার ফায়ারিংয়ের দৃশ্যায়ন করেন। যদিও এর মাধ্যমে কী বুঝিয়েছেন তা স্পষ্ট নয়। তবে এই উদ্যাপনকে ঘিরে সমালোচনাও হচ্ছে।
আজ সোমবাম শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় সুপার ফোর ম্যাচের আগে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে ফারহান তার উদ্যাপন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমার কিছু যায় আসে না (মুজহে পরওয়াহ নেই)। আমি যেমন চেয়েছিলাম, তেমন উদ্যাপন করেছি।’
তিনি আরও বলেন, ‘যদি আপনি ছক্কার কথাই বলেন, তা ভবিষ্যতেও দেখবেন। আর ওই উদ্যাপন তখনই একটি মুহূর্তে এসেছে। সাধারণত ৫০ রান করার পর আমি বেশি উদ্যাপন করি না। কিন্তু হঠাৎ মনে হলো আজ একটু উদ্যাপন করা যাক। তাই করেছি। মানুষ সেটা কিভাবে নেবে, তা আমার মাথায় নেই। আর বাকি বিষয় হলো, আপনি যে কোনো দলের বিপক্ষে খেলুন, আগ্রাসী ক্রিকেট খেলতেই হবে, ঠিক যেমন আজ আমরা খেলেছি।’
এদিকে শ্রীলংকার বিপক্ষে আগামী ম্যাচের কৌশল নিয়ে ফারহান বলেন, ‘আমাদের আগের ম্যাচগুলোতে পাওয়ার প্লে-তে আমরা অনেক উইকেট হারিয়েছি। সেটি ঠিক করা গুরুত্বপূর্ণ, পাশাপাশি প্রথম ছয় ওভারে রান তোলা জরুরি। শেষ কয়েকটি ম্যাচে যেটা কম পড়েছিল, সেটা হলো আমরা পাওয়ারপ্লের পুরো সুযোগটি ব্যবহার করতে পারিনি। অনেক দ্রুত উইকেট হারাচ্ছিলাম। আজ আমরা পাওয়ারপ্লেতে ভালো খেলেছি, শুরুতে কোনো উইকেট খোয়াইনি। আমাদের পাওয়ার প্লে সফল হয়েছে, ১০ ওভারেই ৯০-এর বেশি রান তুলেছি। মাঝের সময়টা কিছুটা ভেঙে গেল, কিন্তু আমরা সেটা ঠিক করব।’











































