স্পোর্টস ডেস্ক।।
ভারততের বিপক্ষে ‘হাত না মেলানো’ বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর পাকিস্তানের দাবি দুইবারই প্রত্যাখ্যান করেছিল আইসিসি। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবারও বিশ্ব ক্রিকেটের দরজায় নাড়া দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান টিম ম্যানেজমেন্ট দুবাইয়ে রবিবার অনুষ্ঠিত এশিয়া কাপ সুপার ফোর ম্যাচে ফখর জামানের আউট নিয়ে টেলিভিশন আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ফখর জামানের ক্যাচ বিতর্কে শ্রীলংকান আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে ফখরকে ১৫ রানে আউট ঘোষণা করেন। যেখানে রিভিউয়ে ক্যাচটি পরিস্কার দেখা যায়নি। অন-ফিল্ড আম্পায়ার গাজী সোহেল সরাসরি আঙুল তুলেননি। তিনি সিদ্ধান্তটি টিভি আম্পায়ারের কাছে পাঠান, যেখানে আউট ঘোষণা করা হয়।
কিছু দৃষ্টিকোণ থেকে মনে হয়েছিল, বলটি সাঞ্জু স্যামসনের গ্লাভসে পড়ার আগে বাউন্স করেছে, তবে আম্পায়ারের মতে উইকেটকিপারের আঙুল বলের নিচে ছিল। ফখর অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়েন।
সূত্রের বরাতে টেলিকমএশিয়া.নেট জানিয়েছে, ‘পাকিস্তান টিম ম্যানেজার নাভিদ চিমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ জানান, কিন্তু তাকে বলা হয় এটি তার দায়িত্বের মধ্যে পড়ে না। এর পর ম্যানেজার আইসিসিকে ইমেইল পাঠিয়ে আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ করেন।’
ম্যাচের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা ফখর জামানের আউটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত নই। এটি অবশ্যই আম্পায়ারের কাজ। আম্পায়ারও ভুল করতে পারেন। এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় বলটি উইকেটকিপারের কাছে যাওয়ার আগে বাউন্স করেছিল।’
তিনি আরও যোগ করেন, ‘যদি তিনি পাওয়ারপ্লেতে পুরো ম্যাচ ব্যাট করতেন, আমরা হয়তো ১৯০ রানের বেশি করতে পারতাম। তবে এটি আম্পায়ারের সিদ্ধান্ত। তারা ভুল করতে পারেন। আমার মতে, বলটি উইকেটকিপারের কাছে যাওয়ার আগে বাউন্স করেছিল।’
টিভি আম্পায়ারের বিরুদ্ধে করা এই অভিযোগ ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার নতুন এক আলোচনায় নিয়ে এসেছে। এর আগে দুই ম্যাচেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেক করতে অস্বীকার করেছিল।
পাকিস্তান প্রথম ম্যাচের পর পাইক্রফটের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিল এবং হ্যান্ডশেক বিতর্কের কারণে তার সরানোর দাবি জানিয়েছিল।











































