স্টাফ রিপোর্টার।।
প্রতিদিনই দেশে ডেঙ্গুতে মৃত্যুর তালিকা লম্বা হচ্ছে। মৃত্যু ও আক্রান্তে একদিনে রেকর্ড হয়েছে চলতি বছরে। দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১২ জনের প্রাণহানি হয়েছে ডেঙ্গুতে। এরমধ্যে বরিশালে ৫ জন, রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩ জন, উত্তর সিটি কর্পোরেশনে ২ জন, চট্টগ্রামে বিভাগে একজন, ময়মনসিংহে বিভাগে একজন মারা গেছেন ডেঙ্গু জ¦রে। চলতি বছরে ডেঙ্গুতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৭৪০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৩১ জনে।
গত ৩ সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৫৫ জন এবং মারা গেছেন ৫৭ জন। বর্তমানে সারা দেশের প্রায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্চেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৫ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, খুলনা ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রংপুর ৩ জন, সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৬৮৩ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি গেছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩৯ হাজার ৬৩১ জন।
গত ১লা জানুয়ারি থেকে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৪১ হাজার ৮৩১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬০ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৭ শতাংশ নারী।











































