ঢাকা অফিস।।
আসন্ন শারদীয় দুর্গাপূজায় সারা দেশের বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিএনপির জেলা ও মহানগরের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/ সদস্যসচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনকি সম্পাদকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে এই আহ্বান জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।
এ সময় পূজা মণ্ডপে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, যেকোনো নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করা এবং প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, পূজা মণ্ডপগুলোতে বিশৃঙ্খলা চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।
বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন। যারা সুযোগসন্ধানী এবং দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা যাতে বিশৃঙ্খলা না করতে পারে এ ব্যাপারে সবাই সতর্ক ও সজাগ থাকবেন।











































