মোঃ নাজমুল, মোরেলগঞ্জ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফেরিঘাট থেকে ঘষিয়াখালী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ নদীরপাড় সংলগ্ন সড়কটি দীর্ঘ দুই দশক ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীর অভিযোগ, বহুবার আশ্বাস দেওয়া হলেও আজও উন্নয়নের ছোঁয়া মেলেনি এই গুরুত্বপূর্ণ সড়কে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, খানাখন্দে ভরা এ রাস্তা দিয়ে চলাচল করা যেন প্রতিনিয়ত এক দুঃস্বপ্ন। বর্ষা মৌসুমে কাদায় যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে রোগী, কৃষক ও সাধারণ যাত্রী সবাইকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, এ সড়কটি মোরেলগঞ্জের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হলেও কর্তৃপক্ষের অবহেলায় বছরের পর বছর ধরে এটি মেরামতের বাইরে রয়ে গেছে। উন্নয়নের আশায় দিন গুনছেন এখানকার মানুষ। তাদের প্রত্যাশা, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে রাস্তার সংস্কার কাজ শুরু করবে, যাতে দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি মেলে।











































