Home Lead প্লাস্টিক আর মাইক্রোপ্লাস্টিকের দূষণের কবলে এশিয়ার ফুসফুস সুন্দরবন

প্লাস্টিক আর মাইক্রোপ্লাস্টিকের দূষণের কবলে এশিয়ার ফুসফুস সুন্দরবন

50


আবুহেনা মোস্তফা জামাল।।


জাকির হোসেন নয়ন, খুলনার সেলায়মান নগরের বাসিন্দা। শিক্ষাজীবনে ১৯৯৩ থেকে ১৯৯৮ সালের মধ্যে কয়েকবার ভ্রমন করেছিলেন সুন্দরবন। এরপর কর্মজীবনের ব্যস্ততায আর ভ্রমণ সম্ভবত হয়নি সুন্দরবনে। তাই ২৭ বছরপর ৩দিনের ছুটি জোগাড় করে সুন্দরবনে এসেছিলেন প্রাণ প্রকৃতির সাথে তার যৌবনের সুখকর স্মৃতি রোমন্থনে। কিন্তু সুন্দরবনের ককটা রেঞ্চ অফিস এলাকার নদীর তীরে পা রাখতেই তার চোখে পড়লো ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক বোতল, পুরোনো জুতা, স্যান্ডেল, খাবারের মোড়ক আর শোলার টুকরোর ওপর। প্রথম দেখায় তার হৃদয় কুড়ড়ে ওঠে, শহরের ময়লার ভাগাড় যেন তাকে তাড়া করে চলে এসেছে একসময়ের নির্মল, পরিচ্ছন্ন সুন্দরবনে।


সাম্প্রতিক সময়ে নয়নের মতো সুন্দরবনে ঘুরতে আসা মানুষেরা বলছেন, বাতাসে মিশে থাকা প্লাস্টিকের গন্ধ, নদীর জলে ভেসে চলা মোড়ক এবং গাছপালার সঙ্গে আটকে থাকা আবর্জনা সব মিলিয়ে বনকে যেন প্লাস্টিকের জালে বন্দী’ করে ফেলছে। প্রকৃতির এই শৃঙ্খলিত পরিবেশে মানুষের অপরিকল্পিত বর্জ্য ঢুকে পড়ছে। সুন্দরবনের নির্মল পরিবেশের সঙ্গে শহরের ময়লার গন্ধ অদ্ভুতভাবে মিলিত হয়ে নতুন এক ভয়াবহ রূপ ধারণ করেছে।


বিজ্ঞানীদের গবেষণাও ভয়াবহতার চিত্র উঠে আসছে সুন্দরবনের দূষণ। গবেষণা তথ্য বলছে, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর স্রোতে প্রতিবছর প্রায় চার মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য বঙ্গোপসাগরে জমা হয়। সাগরের ঢেউ ও নদীর জোয়ারের সঙ্গে সেই প্লাস্টিক সুন্দরবনের জলে ভেসে আসে। মাছ ধরার জাল, কৃষিজ আবর্জনা, শিল্পকারখানার বর্জ্য ও নগরের পলিথিনসব মিলিয়ে বনাঞ্চল আজ প্লাস্টিকের জালে বন্দী।


সুন্দরবনের বন ও নদীর সম্পদের ওপর প্রায় অর্থ লাখ মানুষ নির্ভরশীল। কেউ মাছ ধরেন, কেউ চিংড়ি বা কাঁকড়া সংগ্রহ করেন, আবার কেউ মধু সংগ্রহন করেন। কিন্তু প্লাস্টিক দূষণের কারণে মাছ ও কাঁকড়ার সংখ্যা দ্রুত কমছে। স্থানীয় জেলেরা বলছেন, আগে নদীতে নামলেই প্রচুর মাছ পাওয়া যেত, এখন মাছ কমে গেছে। আর যেগুলো পাওয়া যায় সেগুলোতেও রোগ দেখা দিচ্ছে। তাঁদের ভয়, এই পরিস্থিতি চলতে থাকলে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়বে।


সুন্দরবনে পর্যটন স্টপগুলি পরিচ্ছনতায় স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করা খুলনা বিশ্ববিদ্যায়ের সহাকারী রেজিস্ট্রার মোস্তফা আল মামুন প্রবাল বলেন, অনেকে ভুলভাবে ধরে নেন, স্থানীয় জনবসতি দূষণের মূল কারণ। কিন্তু কটকাসহ বেশীরভাগ পর্যটন স্থানের থেকে সুন্দরবনের নিকটতম জনবসতির দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। আর এইসকল জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতাও কম। ফলে তাদের দৈনন্দিন জীবনের ব্যবহৃত পণ্যের পরিমানও অনেক কম। তারা সাধারণত তাদের ব্যর্জ্যগুলি পুড়িয়ে দেন। কিন্তু সন্দরবনে যেসকল জিনিসপত্র পাওয়া যাচ্ছে তা বড় শহরগুলির মানুষ বেশী ব্যবহার করেন।


ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-টোয়াসের সদস্য তানজিম হোসেন রুবেল বলেন, বছরে সীমিতসংখ্যক পর্যটকই এখানে আসে। আর তাঁরা এখন কঠোরভাবে প্লাস্টিক ফেলার বিরুদ্ধে সচেতন। ট্যুর অপারেটররা ভ্রমণ শেষে সব বর্জ্য খুলনায় নিয়ে যায়। তবে খুলনাতে সুন্দরবনের পর্যটন জাহাজ থেকে ফিরিয়ে নেয়া বর্জের ডাম্পিংএর নির্ধারিত স্থান নেই। এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনেকে বার বার বলওে তারা এ সমস্যার কোন সুরাহা করেনি। সুতরাং বোঝা যায়, দূষণের মূল উৎস স্থানীয় নয়, বরং দূরের শহরাঞ্চল ও নদীপথ।


ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম সোসাইটির সাংগঠনিক সম্পাদক শেখ আবীর ইমতিয়াজ বলেন, পর্যটশিল্পের সাথে জড়িতরা চেষ্টা করছেন বন পরিচ্ছন্ন রাখতে। কিন্তু দূষণের চাপ এতটাই বেড়েছে যে শুধু পর্যটকদের দায় দিয়ে লাভ নেই। সুন্দরবনের ওপর নির্ভরশীল সবাইকে এগিয়ে আসতে হবে। উপকুলীয় শহর গুলিতে নদীতে পড়ার আগেই সংগ্রহ করতে হবে প্লাসিক বর্জ্য, পরিশোধনন করতে হবে বনে পৌছানোর আগেই। এক্ষত্রে আইনের প্রযোগে কঠোর হতে হবে সবাইকে।


খুলনা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন গবেষণায় শনাক্ত হয়েছে সুন্দরবনে স্থাল ও জলে রয়েছে নানা ধরনের প্লাস্টিক পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পলিস্টাইরিন, পলিয়েস্টার, নাইলন ইত্যাদি। এগুলো ফাইবার, ফ্র্যাগমেন্ট, ফিল্ম, পিলেট ও মাইক্রোবিড আকারে ছড়িয়ে পড়ছে। ম্যানগ্রোভ গাছপালা ও কাদামাটি এ বর্জ্য আটকে রাখে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ভেঙে আরও ক্ষুদ্র কণায় রূপান্তরিত হচ্ছে। যা গাছপালা ও প্রাণীর দেহে সহজে প্রবেশ করছে। এসব পার্টিকেল পানিতে অক্সিজেনের ঘাটতি তৈরি করছে। ফলে আর জলজ প্রাণীর মৃত্যু বাড়তে থাকে।


খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী সতর্ক করে বলেন, ‘মাইক্রোপ্লাস্টিক শুধু প্রাণীর দেহে জমছে না, তা খাদ্যশৃঙ্খল ভেদ করে মানুষের শরীরেও প্রবেশ করছে। এটি আমাদের জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি।’ কেবল নদীতীর নয়, প্লাস্টিক পৌঁছে গেছে প্রাণীকুলের দেহেও। মাছ, চিংড়ি, কাঁকড়া, কচ্ছপ, এমনকি হাঙরের দেহেও মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।


গবেষণা বলছে, একেকটি প্রাণীর শরীরে গড়ে শূন্য দশমিক ৫৬ থেকে ৬ দশমিক ১৬টি কণা জমছে। ক্ষুদ্র প্লাস্টিক কণা প্রথমে প্ল্যাঙ্কটন খেয়ে নেয়। তারপর ছোট মাছের দেহে ও পরে বড় মাছের দেহে প্রবেশ করে। সর্বশেষ মানুষের খাদ্যশৃঙ্খলেও পৌঁছে গেছে এই মাইক্রোপ্লাস্টিক।


অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী আরও বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ অপরিহার্য। পর্যটন ও মৎস্যশিকারে প্লাস্টিক ব্যবহার সীমিত করতে হবে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে চালাতে হবে পরিচ্ছন্নতা অভিযান। নিয়মিত মনিটরিং ও গবেষণা চালিয়ে দূষণের প্রকৃত মাত্রা ও প্রভাব চিহ্নিত করা জরুরি। এছাড়া প্লাস্টিক বর্জ্য থেকে শক্তি উৎপাদন ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বাড়ানো তাগিদও দেন তিনি।


‘মাইক্রোপ্লাস্টিক পলিউশন লোড ইন সুন্দরবন ডেল্টা অব বে অব বেঙ্গল’ শীর্ষক গবেষনায় দেখা গেছে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা পৃথিবীর শীর্ষ দশ প্লাস্টিক বহনকারী নদীর মধ্যে রয়েছে। এই নদীগুলোর মধ্যেমে বছরে ৭২ হাজার টনেরও বেশি প্লাস্টিক বঙ্গোপসাগরে পড়ে। এই হিসেবে ২০৬০ সালের মধ্যে ভারত থেকে ৫২ মিলিয়ন টন এবং বাংলাদেশ থেকে ৩ মিলিয়ন টন প্লাস্টিক বঙ্গোপসাগরে জমবে। এর মানে, ভবিষ্যতে সুন্দরবনের মতো সংবেদনশীল ম্যানগ্রোভ ইকোসিস্টেমে প্লাস্টিক দূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করবে।


সুন্দরবনকে দক্ষিণ এশিয়ার ফুসফুস বলা হয়। এটি ঝড়-জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করে, কার্বন শোষণ করে, অক্সিজেন উৎপাদন করে। এর ওপর নির্ভর করে কোটি মানুষের খাদ্য, জীবিকা ও পরিবেশগত ভারসাম্য। কিন্তু দ্রুত বাড়তে থাকা প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণ এই ফুসফুসকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। যদি এখনই কার্যকর ও টেকসই পদক্ষেপ না নেওয়া হয়, তবে সুন্দরবনের নাম ভবিষ্যতে শুধু বইয়ের পাতায় থাকবে, বাস্তবে নয়।