Home খেলাধুলা এশিয়া কাপে ছিটকে গেছেন নাভিন

এশিয়া কাপে ছিটকে গেছেন নাভিন

4


স্পোর্টস ডেস্ক

চলমান এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের পেসার নাভিন-উল-হক। তার পরিবর্তে দলে যুক্ত হয়েছেন তরুণ ডানহাতি পেসার আবদুল্লাহ আহমাদজাই।

এর আগে কাঁধের চোটের কারণে আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি নাভিন। এরপরও তাকে এশিয়া কাপের মূল দলে রাখা হয়েছিল। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসক দল তাকে এখনও পুরোপুরি ফিট ঘোষণা করেনি।

বিবৃতিতে বলা হয়, ‘নাভিন এখনো ইনটেনসিভ ট্রিটমেন্ট ও রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছেন। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তিনি মাঠে ফিরবেন না।’

নাভিনের জায়গায় দলে সুযোগ পাওয়া আবদুল্লাহ আহমাদজাই মূলত এশিয়া কাপে রিজার্ভ তালিকায় ছিলেন। তিনি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিলেন, যেখানে আন্তর্জাতিক অভিষেক ম্যাচেই ৩ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

এ পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১১ ম্যাচে ১৫টি উইকেট রয়েছে এই তরুণ পেসারের।

নাভিন সর্বশেষ আফগানিস্তানের হয়ে খেলেছেন ২০২৪ সালে ডিসেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে, হারারেতে।

বর্তমানে আফগানিস্তান দলে আরও যে পেসাররা আছেন তারা হলেন, ফজলহক ফারুকি, ফরিদ আহমদ।

এছাড়া ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব ও করিম জানাত।

এশিয়া কাপে আফগানিস্তান এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে। যেখানে তারা হংকংকে ৯৪ রানে হারিয়েছে। তাদের পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ও ১৮ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে।