Home আন্তর্জাতিক এমির মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুক্তি চাইলেন মার্কিন অভিনেত্রী

এমির মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুক্তি চাইলেন মার্কিন অভিনেত্রী

5


আন্তর্জাতিক ডেস্ক।।

ছোটপর্দার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডের মঞ্চে ফিলিস্তিনের মুক্তি চেয়েছেন মার্কিন অভিনেত্রী হান্না আইনবাইন্ডার। তার সেই বক্তব্য নিমিষেই ভাইরাল হয়ে পড়েছে।

আজ বাংলাদেশ সময় সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ৭৭তম এমি অ্যাওয়ার্ডস। এ আসরে কমেডি সিরিজ ‘হ্যাক্স’-এ অভিনয়ের জন্য প্রথমবারের মতো এমি জিতে নেন হান্না আইনবাইন্ডার। পুরস্কার হাতে মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুক্তি চেয়ে নিজের বক্তব্য রাখেন তিনি।

হান্নার বক্তব্য সরাসরি সম্প্রচার থেকে সেন্সর করা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। বক্তব্যের শুরুতে, রসিক ভঙ্গিতেই কথা শুরু করেন হান্না। অতীতের ব্যর্থতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি আসলে মনে করতাম বারবার হারা আরও আনন্দের ব্যাপার। তবে পুরস্কার পাওয়াটাও দারুণ! এটাও একধরনের পাঙ্ক রক।’

তিনি ধন্যবাদ জানান নির্মাতা জেন স্ট্যাটস্কি, পল ডাব্লিউ ডাউনস ও লুসিয়া আনিয়েলোকে। কৃতজ্ঞতা প্রকাশ করেন সহ-অভিনেত্রী জিন স্মার্টের প্রতিও। তাকে সূর্যের সঙ্গে তুলনা করে বলেন, ‘জিন স্মার্টের উষ্ণতায় দাঁড়িয়ে থাকতে পারাই আমার সৌভাগ্য।’

তবে বক্তব্যের শেষ মুহূর্তে তিনি যুক্ত করেন রাজনৈতিক বার্তা। আইনবাইন্ডার বলেন, ‘গো বার্ডস, ধ্বংস হোক আইস (অভিবাসন দমন সংস্থা), আর মুক্ত হোক ফিলিস্তিন।’

তিনি গায়ে জড়িয়েছিলেন গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবিতে শিল্পীদের সংহতির প্রতীক লাল রঙের আর্টিস্টস ফর সিসফায়ার ব্যাজ। এ কারণেই তার বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।