Home আঞ্চলিক অপারেশনের তিন মাস পর রোগীর পেট থেকে বের হলো গজ কাপড়!

অপারেশনের তিন মাস পর রোগীর পেট থেকে বের হলো গজ কাপড়!

17


চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের সাহেরা খাতুন (৫৫) নামের এক গৃহবধূর জীবন থমকে গিয়েছিল এক অপারেশনের পর। গত ২৫ মে আলমডাঙ্গার পপুলার মেডিক্যাল হাসপাতালে জরায়ুর টিউমার অপারেশন হয় তার। ডা. হুসাইন ইমাম ওই অপারেশন করেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু সেই অপারেশনের পর থেকে শুরু হয় অন্তহীন কষ্ট।
অপারেশন টেবিল থেকে নামার পরদিন থেকেই সাহেরার পেট ফুলে ওঠে, খাবার মুখে তুলতে পারতেন না। তীব্র যন্ত্রণা আর অসহ্য ব্যথায় তিনি টানা তিন মাস ছটফট করেছেন। পরিবার দিশেহারা হয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছে, তবু কোনো সুরাহা হয়নি।
অবশেষে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় তাকে ভর্তি করা হয় আলমডাঙ্গার ডক্টর কেয়ারস এন্ড স্পেশালিস্ট হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশন থিয়েটারে গিয়ে সত্য প্রকাশ পায়—সাহেরা খাতুনের পেটের ভেতর থেকে বেরিয়ে আসে একটি পুরো গজ কাপড় (মব)।
ডা. জিয়াউদ্দিন আহমেদ হাদী, যিনি চুয়াডাঙ্গার সিভিল সার্জনও। এ ঘটনাকে তিনি ‘ক্রস মেডিক্যাল নেগলেজেন্সী’ বলে মন্তব্য করেন।
তিনি জানিয়েছেন, ‘এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
তিন মাসের অবর্ণনীয় যন্ত্রণার পর পেটের ভেতর থেকে গেজ কাপড় বের হওয়ার এ ঘটনা যেন চিকিৎসা ব্যবস্থার গাফিলতির নগ্ন উদাহরণ। রোগিনীর স্বামী মোশাররফ হোসেন দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলাম পপুলারে, কিন্তু তিন মাস বউকে মৃত্যুর কষ্টে ছটফট করতে হলো।’
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন—চিকিৎসার নাম করে যদি ক্লিনিকেই এমন অমানবিক অবহেলা ঘটে, তবে রোগীর জীবন সুরক্ষিত কোথায়?