স্পোর্টস ডেস্ক।।
স্রেফ এক বছরের চুক্তিতে গত জুনে ব্রাজিলের দায়িত্ব নেন কার্লো আনচেলোত্তি। আগামী বছরের জুনে পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে জুন-জুলাইতে হতে যাওয়া ফুটবলের মহারনের পর আনচেলোত্তিকে ব্রাজিলের দায়িত্বে দেখা যাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) চাইলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের কোচ হিসেবে থাকতে আপত্তি নেই আনচেলোত্তির।
প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে আসা আনচেলোত্তির অধীনে বিশ্বকাপ বাছাইয়ের চারটি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা জেতে প্যারাগুয়ে ও চিলির বিপক্ষে। ইকুয়েডরের বিপক্ষে ড্র ও সবশেষ হার দেখে বলিভিয়ার মাঠে। লাতিন আমেরিকা অঞ্চলের (কনমেবল) বাছাইয়ে পাঁচে থেকে শেষ করে ব্রাজিলিয়ানরা। মূল পর্বের টিকিট মিলেছে আগেই। জুন-জুলাইয়ের বিশ্বকাপের পরেও আনচেলোত্তিকে একই ভূমিকায় দেখা যাবে কি না, সে নিয়ে সেলেসাও ভক্তদের কৌতূহল জন্মেছে আগেই। ইএসপিএনের সঙ্গে আলাপচারিতায় এ বিষয়ে ৬৬ বছর বয়সী আনচেলোত্তি বলেন, ‘আমি এখানে এক বছরের চুক্তি করেছি। বিশ্বকাপের পর সবকিছুই উন্মুক্ত। আমার বিশ্বাস ছিল, ওই সময়ে এক বছরের জন্য চুক্তিই ছিল আমার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। সিবিএফ আমাকে চালিয়ে নিতে চাইলে আমার কোনো সমস্যা নেই।’
মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের এ কিংবদন্তি কোচ বলেন, ‘যা বলেছি, আমি এখানে খুশি, আমার পরিবারও খুশি। কাজেই এটি (মেয়াদ বাড়ানো) নিয়ে আমরা চিন্তা করতে পারি। এ বিষয়ে কথা বলার সময় আমাদের আছে। (দায়িত্ব) চালিয়ে যেতে আমার কোনো সমস্যা নেই। (২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকতে) বরং ভালোই হবে।’
বিশ্বকাপে জায়গা হবে তো নেইমারের!
কিছুদিন আগে দলে জায়গা না পাওয়ার প্রসঙ্গে আনচেলোত্তির সঙ্গে দ্বিমত পোষণ করেন নেইমারের জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের দলে ব্রাজিলিয়ান মহাতারকার জায়গা না হওয়ার বিষয়ে আনচেলোত্তি জানান, নেইমারের চোটের কারণটাই মুখ্য। তবে সান্তোস তারকা নেইমার জানান, চোট কোনো সমস্যা নয়, কৌশলগত কারণই মূল বিষয়। এ ঘটনায় দু’জনের মধ্যে দূরত্ব ও সম্পর্ক টানাপোড়েনের গুঞ্জনও ওঠে। বিশ্বকাপে নেইমারকে দেখা যাবে কি না, এটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এর উত্তরটা আগেই দিয়ে রাখেন আনচেলোত্তি, এবারও বললেন একই কথা। শতভাগ ফিট থাকলেই কেবল জাতীয় দলে ফিরতে পারবেন ৩৩ বছর বয়সী নেইমার। এ বিষয়ে আনচেলোত্তি বলেন, ‘নেইমার কীভাবে খেলছে, আমরা অবশ্যই তা দেখতে চাইব না। তার প্রতিভা ও সামর্থ্য সবার জানা। তবে সেই প্রতিভাকে কাজে লাগাতে আধুনিক ফুটবলে ভালো শারীরিক অবস্থানে থাকা জরুরি। সে যদি নিজের সেরা শারীরিক অবস্থায় থাকে, তাহলে তার জাতীয় দলে ঢুকতে কোনো সমস্যাই হবে না।’
বিশ্বকাপ বাছাইয়ের পর আগামী মাসে এশিয়া সফরে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের।









































