স্পোর্টস ডেস্ক
হংকংয়ের বিপক্ষে সহজ জয় নিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। আজ কঠিন প্রতিপক্ষ শ্রীলংকার মুখোমুখি হবে লিটন দাসের দল। ম্যাচটি যে বেশ কঠিন হবে তার ইঙ্গিত সংবাদ সম্মেলনে এসে দিয়ে গেছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং কীভাবে সহজ হবে, তার ব্যাখ্যা দিয়েছেন আসালঙ্কা। শ্রীলংকান অধিনায়ক জানান, নতুন বলটা ধীরে ধীরে একটু নরম হয়ে এলে ব্যাটিংটা সহজ হবে।
২০২৩ সালে হওয়া সবশেষ এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত। তবে এক হিসেবে শ্রীলংকাকেও বর্তমান চ্যাম্পিয়ন বলা যায়। এশিয়া কাপ বর্তমানে টি-টোয়েন্টি ও ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত হয়। যেমন- ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সে বছরের এশিয়া কাপ ৫০ ওভারের করা হয়েছিল। তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার আয়োজিত হচ্ছে ২০ ওভারে। একইভাবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপ আয়োজিত হয়েছিল টি-টোয়েন্টি সংস্করণে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল এই শ্রীলংকা। বিষয়টি আসালঙ্কা মনে করিয়ে দিয়েছেন আবারও।
লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা যে বর্তমান চ্যাম্পিয়ন, মানসিকভাবে এমনটা ভাবা সত্যিই দারুণ একটি ব্যাপার। এই খেলোয়াড়দের অনেকে আগেরবারের ওই টুর্নামেন্টেও খেলেছিল (সংযুক্ত আরব আমিরাতে)। আমরা জানি, যেহেতু আমরা চ্যাম্পিয়ন, তাই আমরা অনেক দূর যেতে পারি। খেলোয়াড়দের কাছে এটা ভালো করার প্রেরণা।’
গত ১০ বছরে মোট ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দুই দল। যেখানে দুই দলই আটটি করে ম্যাচ জিতেছে। আজ রাত সাড়ে আটটায় আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ। এই ভেন্যুর প্রশংসাও ঝড়েছে আসালঙ্কার কণ্ঠে।
তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের অন্য ভেন্যুগুলোর সঙ্গে তুলনা করলে আমি মনে করি আবুধাবি ব্যাটসম্যানদের জন্য সেরা পিচ। একবার বল নরম হয়ে গেলে এখানে ব্যাট করা অনেক সহজ, আর আউটফিল্ডও খুব ভালো। প্রত্যেক ব্যাটসম্যানই আবুধাবিতে খেলতে চাইবে।’









































