ঢাকা অফিস।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ হলের মধ্যে ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এ সময় ৫ হলের ভিপি, জিএস ও এজিএস পদে অনানুষ্ঠানিকভাবে জয়ী প্রার্থীরা ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার পর থেকে ভোট গণনা শুরু হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ২১টির মধ্যে ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি চারটির ভোট গণনা এখনও চলছে।
জাকসু নির্বাচনে মীর মশাররফ হোসেন হলের সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব। তিনি ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জুবায়ের শাবাব বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন শাহরিয়া নাজিম রিয়াদ। তার প্রাপ্ত ভোট ১৯২। এজিএস পদে ১৭৯ ভোট পেয়ে জয়ী পেয়েছেন আরাফাত।
যেসব হলের ফলাফল প্রকাশ হয়েছে….
শহীদ সালাম-বরকত হল
শহীদ সালাম-বরকত হলের সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ৪৯তম ব্যাচের রসায়ন বিভাগের মারুফ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মাসুদ রানা।
১০ নম্বর ছাত্র হলের (সাবেক মুজিব হল)
১০ নম্বর ছাত্র হলের (সাবেক মুজিব হল) সহ-সভাপতি (ভিপি) পদে আসিফ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) পদে মেহেদি হাসান ও এজিএস পদে নির্বাচিত হয়েছেন নাদিম মাহমুদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন আলী আহমদ এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন লাবিব।
এ ছাড়া আ ফ ম কামালউদ্দিন হলের সহ-সভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন দর্শন বিভাগের জিএম রায়হান কবীর।
এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৭৪৩ ভোটারের মধ্যে আট হাজার তিনজন ভোট দিয়েছেন। ভোটের হার ৬৭ দশমিক ৯ শতাংশ। কেন্দ্রীয় ও হল সংসদগুলোতে ৩৪০ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬২০ জন। ২১টি হলের ৩১৫ পদের মধ্যে ১৩১টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং ৬৮টি পদ শূন্য থাকছে। কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে ১৭৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ১৩২ জন ছাত্র ও ৪৫ জন ছাত্রী।











































