Home আঞ্চলিক সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ২ দস্যু আটক, জিম্মি থাকা ৯ জেলে...

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ২ দস্যু আটক, জিম্মি থাকা ৯ জেলে উদ্ধার

14
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ২ দস্যু আটক, জিম্মি থাকা ৯ জেলে উদ্ধার

খুলনাঞ্চল রিপোর্ট।।

সুন্দরবনের শিবসা নদী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ওই দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা হলেন মো. রমজান মোড়ল, মো. শুক্কুর আলী শেখ, শামীম শেখ, হান্নান শেখ, আবু হুরাই, আজগার শেখ, আতাউর শেখ, জাফর মল্লিক ও মো. ইউনুস। তাদের সবার বাড়ি খুলনা দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায়।


কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বনদস্যু রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।

এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন অভিযানকারীরা ধাওয়া করে ২টি একনালা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি, আট রাউন্ড ফাঁকা গুলি, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি ও একটি দেশীয় অস্ত্রসহ দস্যু বাহিনীর দুই সদস্যকে আটক করে। এছাড়া এ সময় ওই দস্যুদের কাছে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড।

উদ্ধারকৃত জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে যান তারা। এরপর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বনদস্যু রাঙ্গা বাহিনী মুক্তিপণের দাবিতে তাদেরকে জিম্মি করে। উদ্ধারকৃত এ জেলেদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায়।

এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদার (৪০) বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদসহ রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।

কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।