Home Lead জাকসু নির্বাচন: ভোট বর্জন করলো ছাত্রদল প্যানেল

জাকসু নির্বাচন: ভোট বর্জন করলো ছাত্রদল প্যানেল

25

ঢাকা অফিস।।
নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা।

বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় মওলানা ভাসানী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।

এ সময় জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখীসহ ছাত্রদল মনোনীত অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বৈশাখী বলেন, তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেয়নি। ভোটার লিস্টে ভোটারদের ছবি নেই। ২১ নং হলে মব সৃষ্টি করা হয়। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীকে গায়ে হাত তোলা হয়।

তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে। জামায়াত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন আমরা চায়নি। ওই প্রতিষ্ঠানের সরবরাহকৃত ব্যালটেই ভোট হচ্ছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, ১০-২০% ব্যালট শিবিরকে দেওয়া হয়েছে কিনা। মেয়েদের হলে একই মেয়ে বারবার ভোট দিতে গেছে। শিবিরপন্থী সাংবাদিকরা মিসবিহেভ করেছে ছাত্রদলের প্রার্থীদের সঙ্গে। সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এটি কারচুপি ও প্রহসনের নির্বাচন। তাই নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। নির্বাচনে শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন হচ্ছে না।

প্রধান নির্বাচন কমিশনার বরাবর ৯টি কারণ দেখিয়ে ভোট বর্জন করে ছাত্রদল। সেগুলো হলো-

১. যথাসময়ে ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া।
২. প্রার্থীদেরকে ভোটকেন্দ্র পরিদর্শন করতে দেয়া হয়নি।
৩. নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোটগ্রহণ কালে শিবির সমর্থিত প্যানেল ভোটারদের হাতে লিফলেট বিতরণ করে।
৪. বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে জাল ভোট দেয়া ও ভিপি প্রার্থীকে হেনস্থার শিকার করা।
৫. কিছু কেন্দ্রে ভোট গ্রহণকালে বিদ্যুৎ সরবরাহ না থাকায় একটি মহল ভোট কারচুপির মহোৎসবে মেতেছে।
৬. কিছু কেন্দ্রের ভোটার অনুপাতে বুথের সংখ্যা কম হওয়ায় ভোটারদের ভোগান্তি হচ্ছে।
৭. অধিকাংশ ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে অমোছনীয় কালি ব্যবহার না করায় একই ব্যক্তি একাধিক ভোট প্রদান করতে পারছে।
৮. ভোটার তালিকায় প্রার্থীদের ছবি না থাকায় একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে।
৯. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদে তিন জন কার্যকরী সদস্যকে ভোট দেয়ার কথা থাকলেও ব্যালটে একজনের নাম উল্লেখ ছিল।