Home জাতীয় নুরাল পাগলার মাজার ভাঙচুর ও নিহতের ঘটনায় মামলা হয়নি: গ্রেপ্তার ৫

নুরাল পাগলার মাজার ভাঙচুর ও নিহতের ঘটনায় মামলা হয়নি: গ্রেপ্তার ৫

39


খুলনাঞ্চল রিপোর্ট
রাজবাড়ীর গোয়ালন্দে মাজার ভাঙচুর, লাশে আগুন ও নিহতের ঘটনার তিন দিন পার হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে সোমবার দুপুরে সরেজমিন পরিদর্শনে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– ময়ছের মাতুব্বার পাড়ার মো. শওকত সরদারের ছেলে জীবন সরদার (২০), ৪ নম্বর ওয়াডের্র আ. মালেক ফকিরের ছেলে সাগর ফকির (২১), ৯ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিন শেখের ছেলে সাইফুল ইসলাম শুভ (১৯), ৮ নম্বর ওয়ার্ডের মো. আব্দুস সালাম খাঁর ছেলে মো. বিপ্লব বিল্লু (২৮) ও ফরিদপুর কোতায়ালি থানার ডিগ্রীরচরের মো. নিজামউদ্দিনের ছেলে মো. ফেরদৌস সরদার (৩৬)।
ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অভিযান) মো. সিদ্দিকুর রহমান, রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম প্রমুখ। এ সময় সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। এখানে যারা জড়িত, হুকুমের আসামি, সবাইকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, শুক্রবার সমাবেশ ছিল। সেই সমাবেশ থেকে একদল উগ্রবাদী প্রথমে পুলিশের ওপর হামলা চালায়। এর পর মাজার ভাঙচুর, কবর থেকে লাশ তুলে অগ্নিসংযোগ ও মাজারে লুটপাট করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযান চালান হচ্ছে। গোয়ালন্দ থানার বিভিন্ন স্থান থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত নুরাল পাগলার মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ ও নিহতের ঘটনায় কোনো মামলা হয়নি।
শরিয়তবিরোধী অভিযোগ তুলে নুরাল পাগলার কবর নিচু করার দাবিতে গত শুক্রবার জুমার নামাজের পর ‘ইমান আকিদা রক্ষা কমিটি’ বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। সভায় বক্তব্য শেষে দরবারে হামলা, ভাঙচুর, লুট এবং লাশ পোড়ানো হয়। এ ঘটনায় রাতে আহত নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লার (২৮) মৃত্যু হয়।