Home খেলাধুলা বিদায়ের সুরে মেসি, সমর্থনে স্কালোনি

বিদায়ের সুরে মেসি, সমর্থনে স্কালোনি

8


স্পোর্টস ডেস্ক।।

আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে সম্ভবত শেষবারের মতো নামছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে লড়াইকে ঘিরে আবেগের ছোঁয়া স্পষ্ট ফুটে উঠেছে এই মহাতারকার কণ্ঠে। নিজেই নিশ্চিত করেছেন, এই ম্যাচটিই হতে যাচ্ছে দেশের মাটিতে তার শেষ বাছাইপর্বের ম্যাচ।

এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেসির এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন এবং এ ম্যাচটি তার জন্য “বিশেষ, আবেগঘন ও আনন্দময়” হয়ে উঠুক, সেটাই চান।

স্কালোনি বলেন, ‘সে (মেসি) আসার পর আমরা কথা বলেছি, তবে এই ম্যাচ নিয়ে নয়। সে নিজেই ইতোমধ্যে এই বিষয়ে বলেছে, সেটাই চূড়ান্ত। আমরা এ নিয়ে আর কিছু বলছি না।’

‘লিও যা বলেছে, তাতে এটা খুব স্পেশাল একটি ম্যাচ হতে যাচ্ছে। যদি সত্যিই এটা তার দেশের মাটিতে শেষ বাছাই ম্যাচ হয়, তাহলে আমাদের সেটা উপভোগ করতে হবে। শুরুটা আমার দিক থেকেই হবে। ওকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। আশা করি, মানুষ স্টেডিয়ামে আসবে, আর সেও ম্যাচটা উপভোগ করবে—কারণ সে এই ভালোবাসা প্রাপ্য।’

বাংলাদেশ সময় শুক্রবার সকালে বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। গ্যালারিতে উপস্থিত থাকবেন মেসির পরিবার-পরিজনও। সব মিলিয়ে এটি হয়ে উঠবে এক স্মরণীয় মুহূর্ত।

বিশ্বকাপ বাছাইপর্বে আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে স্কালোনি এই ম্যাচেও তরুণ ও অনিয়মিতদের সুযোগ দেওয়ার দিকেই নজর রাখছেন।

তিনি বলেন, ‘আমরা এমন একটি অবস্থানে আছি, যেখানে তরুণদের সুযোগ দিতে পারি কোনো চাপ ছাড়াই। যাদের মধ্যে খেলার দাবিটা দেখা যাচ্ছে, তাদের আমরা সুযোগ দিতে চাই। আজ আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি।’

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া ৪৭ বছর বয়সী কোচ স্কালোনির সঙ্গে আগামী বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে। এরপর কী হবে? এই প্রশ্নে তিনি এখনই স্পষ্ট কিছু বলতে চান না।

‘চুক্তি নবায়নের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, তবে এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সামনে আরও কিছু ম্যাচ আছে, আজ এ নিয়ে কথা বলার সময় নয়।’