Home খেলাধুলা ছিটকে গেছেন প্রোটিয়া ব্যাটার ডি জর্জি

ছিটকে গেছেন প্রোটিয়া ব্যাটার ডি জর্জি

9


স্পোর্টস ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকার ব্যাটার টনি ডি জর্জি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আর খেলতে পারবেন না। প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর ছিটকে গেলেন তিনি বাকি দুটি ম্যাচ থেকেও।

এর আগে লিডসে অনুষ্ঠিত ম্যাচের সময় বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ে টান লাগে ডি জর্জির। জস বাটলারের একটি শট ঠেকাতে গিয়ে ডাইভ দেন তিনি। চার বাঁচাতে পারলেও, চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

পরে জানানো হয়, তিনি আর ফিল্ডিং করবেন না; কেবল ব্যাট করতে নামবেন যদি প্রয়োজন হয়। তবে ১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার তার ব্যাটিংয়ের দরকার হয়নি।

চোটের স্ক্যান করাতে শিগগিরই দেশে ফিরে যাবেন ডি জর্জি। তবে স্কোয়াডে নতুন করে কাউকে ডাকার প্রয়োজন হয়নি, কারণ তিনি ছিলেন মূলত রিজার্ভ ব্যাটার।

ডি জর্জির জায়গায় যিনি মূলত খেলার কথা ছিল, সেই ম্যাথু ব্রিটস্কি ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলেননি। তবে অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখন তিনি সেরে উঠেছেন। ফলে দ্বিতীয় ওয়ানডেতে তাকে একাদশে দেখা যেতে পারে। সম্ভাবনা রয়েছে, তিনি চার নম্বরে ব্যাটিংয়ে নামবেন।

অন্যদিকে, পেসার কাগিসো রাবাদার ফেরা এখনও অনিশ্চিত। অ্যাঙ্কেলের চোট তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে দূরে রেখেছিল, ছিলেন না হেডিংলিতেও। তাকে ছাড়া দলে জায়গা পেয়েছেন কোডি ইউসুফ, যা ইঙ্গিত দিচ্ছে—রাবাদা হয়তো টি-টোয়েন্টি সিরিজেও অনুপস্থিত থাকবেন।

অধিনায়ক টেম্বা বাভুমার ক্ষেত্রেও রয়েছে বিশ্রামের ভাবনা। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া বাভুমা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে এবং ইংল্যান্ডের প্রথম ওয়ানডেতে খেলেছেন। টিম ম্যানেজমেন্ট চাইছে তার ওয়ার্কলোড কিছুটা কমাতে, তাই সিরিজের একটি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।

প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের বাকি ম্যাচগুলোতে একাদশে পরিবর্তনের সম্ভাবনা উঁকি দিচ্ছে, বিশেষ করে ইনজুরি ও ফর্ম বিবেচনায়।