>> অভিযোগের তীর ইউপি চেয়ারম্যারে পুলিশের নারী সদস্যের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার
আড়াই বছর বয়সের কন্যা সন্তান জান্নাতুল আক্তার মিমকে নিয়ে গৃহবধু সাথী আক্তার তার স্বামী ও স্বামীর পরিবারের নিকট থেকে ন্যায় বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। এ ঘটনায় খুলনা জেলা প্রশাসক বরাবর গতকাল সোমবার ২৮ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার স্মারক নং-২১৮৪, তাং-২৮/০৯/২০২০ ইং। ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ২২ জানুয়ারী রূপসা উপজেলার ০৪ নং টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা গ্রামের মোঃ আলী শেখ সাগরের সাথে একই উপজেলার পাঁচানী গ্রামের মোসাঃ সাথী আক্তারের ইসলামি শরিয়াত মোতাবেক বিবাহ হয়। কিছুদিন সংসার করার পর উল্লেখিত সালের ২৩ ডিসেম্বর সাথী আক্তারের একটি মৃত পুত্র সন্তান প্রসব করেন।
এই দম্পতী কিছুদিন সুখে শান্তিতে সংসার করার পর জান্নাতুল আক্তার মিম নামে একটি কন্যা সন্তান ভুমিষ্ট হয়। তারপর থেকেই সাথীর স্বামী মোঃ আলী শেখ স্ত্রীকে বলেন আমাদের থাকার জন্য একটি ভালো ঘর প্রয়োজন, ঘর তৈরির জন্য পিতার বাড়ি থেকে টাকা আনতে বলা হয়। সাথী স্বামী ও শ্বশুরের কথামত ওয়ারেশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি যা বাগেরহাট জেলার রামপাল উপজেলার ৩ নং বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকিরের উপস্থিতিতে বিক্রি করে ৩ লক্ষ ৪০ হাজার টাকা এনে উক্ত টাকা থেকে ৩ লক্ষ টাকা শ্বশুর আজগর আলীর হাতে ৩ মাসের জন্য ধার হিসাবে দেয়। এর কিছুদিনপর পরিকল্পিতভাবে গৃহবধু সাথীর স্বামী মোঃ আলী ও তার চাচাতো বোন (পুলিশ সদস্য) মৌসুমি বেগম তাকে মারধোর করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং মৌসুমি বেগম তাকে বলে এই বাড়িতে পূনরায় আসলে মেরে ফেলার হুমকি দেয়।
সাথী বেগম দিশেহারা হয়ে অবুঝ শিশু মিমকে নিয়ে বাঁচার আশায় কাটাখালি আলফা কোম্পানি কর্মস্থল থেকে নিজ বাড়ি আসার পথে মৌসুমি ও তার অন্যান্য লোকজন নিয়ে তাকে উপজেলার ৪ নং টিপএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে তুলে নিয়ে যায়। ওই চেয়ারম্যানের বাড়িতে এনে মৌসুমি, তাসলিমা ও তার শ্বাশুড়ী একত্রিত হয়ে গৃহবধুকে মারধোর করে এবং চেয়ারম্যান নিজে থেকে জোর করে ৩ টি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়।
গৃহবধু প্রানের ভয়ে স্বাক্ষর করতে বাধ্য হয়। পরে সাথী আক্তারের পিতা ও মাতার নিকট শ্বশুর বাড়িরর লোকজন আপোষ মিমাংসার জন্য আবার নতুন করে ২ লক্ষ টাকা দাবি করে। অসহায় হতদরিদ্র গৃহবধু সাথী আক্তার ও তার পরিবার টাকা দিতে অপারগতা প্রকাশ করার কারণে ক্ষিপ্ত হয়ে পুনরায় এলোপাতাড়ি মারধোর করে। পরে সাথীর পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে ভর্তি করে। সাথী সুস্থ্য হয়ে খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল ০২ নং আদালতে মামলা দাখিল করে। যার নং- ৫৬/১৯, তারিখ ২৩/০৭/২০১৯, নারী ও শিশু- ২৮/২০। এ খবর জানতে পেরে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন আপষ মিমাংশার কথা বলে উক্ত ইউনিয়ন পরিষদে সাথীকে ডেকে নিয়ে তালাকের কাগজে স্বাক্ষর করিয়ে নেয় এবং তাকে বলা হয় কেস তুলে নিয়ে আসলে দেন মোহরের ১ লক্ষ টাকা থেকে ৪০ হাজার টাকা দেওয়া হবে। ঘটনা পরবর্তীতে বিজ্ঞ আদালতকে জানালে বিজ্ঞ আদালত ঘটনাটির তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিরে জন্য রূপসা উপজেলা সমাজ সেবা অধিদপ্তরকে বলে।
তদন্ত প্রতিবেদন দাখিল করার পর ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় উক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আসামীরা পুলিশ কর্তৃক আটক হওয়ার পর আদালতের মাধ্যমে মিমাংশা হয়। ২ লক্ষ টাকা দেনমোহোরে ধার্য্য করে পূনরায় একই স্বামী মোঃ আলী শেখ সাগরের সাথে সাথী আক্তারের পুনরায় বিবাহ হয় এবং মামলাটি আদালত থেকে নিষ্পত্তি হয়। বাড়িতে আনার পর সাথী ও সন্তানকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পূনরায় তাড়িয়ে দেয় এবং কোন প্রকার খোজ খবর ও ভরন পোষন দেয়না। চলতি বছরের ৮ সেপ্টেম্বর সাথী তার মেয়ে মিমকে ডাক্তার দেখিয়ে রূপসা থেকে বাড়ি ফেরার পথে নৈহাটী ইউনিয়নের কদমতলাস্থ মাঠের সামনে এলে উল্লেখিত মৌসুমি বেগম, ছায়রাসহ ৫-৭ জন অচেনা পুরুষ মুখে মাস্ক পরিহিত অবস্থায় ধরে স্বামী মোঃ আলী শেখের বাড়ি নিয়ে যায় ও মারপিট করে স্বামী মোঃ আলী শেখ সাগর স্ট্যাম্প এনে বলে স্বাক্ষর করে আমাকে তালাক দিয়ে যা।
ওই মুহুর্তে সাথীর মা খুশিলা বেগম রূপসা থানায় মুঠোফোনে জানালে তাৎক্ষনিকভাবে পুলিশ গিয়ে সাথীকে উদ্ধার করে উপজেলা স্বাক্ষ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা শেষে বাড়িতে আশার পর আসামিরা পুনরায় সাথী আক্তারকে তার স্বামীকে তালাক দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এ সকল কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন পুলিশ সদস্য মৌসুমি এই দু জন একত্রিত হয়ে প্রতক্ষ্য ও পরোক্ষ্য মদোদে গৃহবধু সাথীর জীবনকে বিষময় করে তুলেছে এমন অভিযোগও রয়েছে। অপরদিকে পুলিশ সদস্য মৌসুমী ২০১২ সালে খাজাডাঙ্গা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে লালন ফকিরের সাথে বিবাহ গোপন রেখে ২০১৪ সালে পুলিশে চাকরি পায়।
উক্ত ঘটনায় গতকাল ২৮ সেপ্টেম্বর গৃহবধু সাথী আক্তার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ সাথী আক্তার কান্নাজড়িত কন্ঠে অবুঝ শিশু মিমকে কোলে নিয়ে এ প্রতিবেদককে বলেন জাহাঙ্গীর চেয়ারম্যান এদেরকে সরাসরি আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে। এমনকি আমাকে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি প্রদান করেছেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন এ বিষয়ে আমি তেমন কিছু জানিনা। তবে সমাজ সেবা অফিসে একদিন বসাবসি হয়েছিল তাতে আমি ছিলাম।











































