চোর সন্দেহ থেকে রাজনৈতিক প্রতিহিংসাÑ আইন নিজের হাতে তুলে নিচ্ছে জনতা ।। জানুয়ারি-জুলাইয়ে নিহত ১০৩, আহত ২৬৬ জন : আসক
খুলনাঞ্চল রিপোর্ট।।
গত শুক্রবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে মব সৃষ্টি করে ‘চোর’ আখ্যা দিয়ে তিন কিশোরকে সেতুর ওপরে বেঁধে মারধর করে স্থানীয় একদল যুবক। চোর চোর বলে তাদের ধাওয়া করেন লাঠিসোটা হাতে থাকা সাত থেকে আটজন যুবক। তাদের পিটুনি থেকে বাঁচতে কিশোররা দৌড়ে আশ্রয় নেয় নির্মাণাধীন একটি দোতলা বাড়ির ছাদে। তাদের ধরে টেনেহিঁচড়ে নামিয়ে একটি সেতুর ওপর আনা হয়। তিনজনকে বেঁধে পেটানো হয় বেশ কয়েক ঘণ্টা। ওই ঘটনায় এক কিশোর মারা যায়। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে পূর্বশত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে।
শুধু এই ঘটনায়ই নয়, সাম্প্রতিক সময়ে দেশে গণপিটুনির ঘটনা বেড়ে গেছে। এর শিকার হচ্ছেন নানা বয়সী ও শ্রেণি-পেশার মানুষ। গণমাধ্যমের খবর অনুযায়ী আগস্ট মাসের গত ২৬ দিনে
গণপিটুনির ১৭টি ঘটনা ঘটেছে। এতে মারা গেছে ১৩ জন। এর মধ্যে বেশির ভাগ ঘটনা ঘটেছে চোর সন্দেহে। পিটিয়ে মেরেই ক্ষান্ত হচ্ছে না মানুষ, মাদারীপুরে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনির পর একজনের চোখ তুলে ফেলার চেষ্টাও করা হয়।
গত শনিবার রাজশাহীতে বরখাস্ত হওয়া পুলিশের উপপরিদর্শককে (এসআই) মাহবুব হাসানকে (৩৫) গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তিনি রাজশাহীতে ডিবি হাসান নামে পরিচিত ছিলেন।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গণপিটুনিতে ১০৩ জন নিহত, ২৬৬ জন আহত। নিহতদের মধ্যে ঢাকায় ৫১, চট্টগ্রাম ২১, ময়মনসিংহ ১৩, বরিশাল ১১, খুলনা ৬, রাজশাহী ৫, রংপুর ৪ এবং সিলেট ২ জন।
দেশজুড়ে এমন গণপিটুনি কমছে না। চোর সন্দেহ, গুজব কিংবা রাজনৈতিক প্রতিহিংসাÑ যে কোনো অজুহাতে উচ্ছৃঙ্খল জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। বিচারের অভাব ও পুলিশের নীরবতায় এ সহিংসতা ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। গত প্রায় ৮ মাসে গণপিটুনির যেসব ঘটনা ঘটেছে তার কোনোটিরই বিচার হয়নি। বিচারের আওতায় আনা যায়নি গণপিটুনির ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের। ফলে গণপিটুনির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার বিচার থেকে বঞ্চিত থেকে গেছে। আর দায়ীদের বিচার না হওয়ায় গণপিটুনিতে হতাহতের ঘটনা থামছেই না। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের নিষ্ক্রিয়তাকে দুষছেন বিশেষজ্ঞরা।
গত বছর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে দেশে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের পাশাপাশি গণপিটুনি তথা মব করে (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) পিটুনির ঘটনাও বেড়ে যায়। আর একের পর এক এ ধরনের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগের ক্ষেত্র তৈরি হয়। যে উদ্বেগ এখনও কমেনি। দেশে গণপিটুনি পরিণত হয়েছে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে। কখনও চোর সন্দেহে, কখনও রাজনৈতিক প্রতিহিংসায় আবার কখনও গুজব-উসকানিতে জনতা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, রাজনৈতিক প্রশ্রয় ও যথাযথ শাস্তি না হওয়ায় এ সহিংসতাকে উসকে দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল?্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চলমান অবস্থা এবং গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক শক্তি ও নাগরিকদের মধ্যে একটি অংশ নিজ স্বার্থে নানা ধরনের অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত হচ্ছে। গণপিটুনি সৃষ্টি হওয়ার মতো ঘটনার সূত্রপাত হলে কিংবা নিজ স্বার্থ উদ্ধারের প্রশ্নে গণপিটুনি পরিস্থিতি তৈরি করলে তা আইনের দৃষ্টিতে ফৌজদারি অপরাধ। এই অপরাধ যে সমস্ত প্রেক্ষাপটকে সামনে রেখে বাংলাদেশে বারবার ঘটছে তা সমাজে অস্থিরতা ও আইন না মানার বাস্তবতাকেই ইঙ্গিত করে। সেই পরিস্থিতিগুলো আইনগতভাবে মোকাবিলা করতে না পারলে গণপিটুনির মতো পরিস্থিতিকে পুঁজি করে কাউকে কোনো অভিযোগে অভিযুক্ত করে গণপিটুনির মাধ্যমে আহত করা বা হত্যা করার মতো পরিস্থিতির সুযোগ অপরাধপ্রবণ ব্যক্তি বা গোষ্ঠী বারবার গ্রহণ করবে। আইন পালনের প্রশ্নে মানুষকে যথেষ্ট ও উপযুক্ত সচেতনতা সৃষ্টির মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনে অভ্যস্ত করতে না পারলে গণপিটুনি মহামারী আকার ধারণ করতে পারে বলে তিনি মনে করেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, যে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানাচ্ছি। আমরা এ ব্যাপারে বিট পুলিশিংসহ নানাভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। কিন্তু এ কাজটি শুধু পুলিশের একার পক্ষে করা সম্ভব নয়, সমাজের নেতৃস্থানীয়দেরও এগিয়ে এসে মানুষকে সচেতন করতে হবে।
গত ৯ আগস্ট রংপুরে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়। দুজনকে হত্যা করা হয় রংপুরের তারাগঞ্জ উপজেলায়। তাদের নাম রূপলাল দাস ও প্রদীপ দাস। সম্পর্কে তারা ছিলেন জামাই-শ্বশুর। প্রদীপকে এগিয়ে আনতে গিয়েছিলেন রূপলাল। তারা দুজন বাড়ি ফিরছিলেন। প্রদীপ নিজের ভ্যানগাড়ি চালাচ্ছিলেন। ভ্যানচোর সন্দেহে তাদের হত্যা করা হয়।
মিঠাপুকুর উপজেলার শ্যামপুর এলাকার এক তরুণের সঙ্গে নিহত রুপলাল দাসের মেয়ে নূপুর দাসের বিয়ের কথাবার্তা চলছিল। এ জন্য মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে আত্মীয় রূপলাল দাসের বাড়ির উদ্দেশে রওনা হন প্রদীপ দাস। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ দাস সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করেন। রূপলাল সেখানে যান। পরে তারা দুজনে ভ্যানে চড়ে রূপলালের বাড়ি ঘনিরামপুর গ্রামের দিকে রওনা হন। রাত ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছলে ভ্যানচোর সন্দেহে তাদের দুজনকে থামান স্থানীয় কয়েকজন। এরপর তাদের পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছিল। কিন্তু উচ্ছৃঙ্খল জনতার মব দেখে তারা ফিরে যায়। চোর সন্দেহে পিটিয়ে মারা হলেও তাদের কেউ চুরির ঘটনার সঙ্গে যে জড়িত ছিলেন না তা পুলিশি তদন্তে উঠে আসে। মেয়ের বিয়ের দিন ঠিক করার জন্য তিনি (রূপলাল) ভাগ্নি জামাইকে বাড়িতে নিয়ে আসতে গিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পিটিয়ে হত্যার ঘটনায় যেন নীরব সমর্থন তৈরি হচ্ছে। অনেক সময় ভিডিও ভাইরাল হওয়ার পরই পুলিশ নড়েচড়ে বসে। কিন্তু যেখানে ত্বরিত অ্যাকশন নেওয়ার কথা সেখানে তা করা হচ্ছে না। ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সরকারের দিক থেকেও দৃশ্যমান পদক্ষেপ দুর্বল। গণপিটুনি ও মব দমনে সরকার কার্যকর উদ্যোগ নেয়নি বলেই অভ্যুত্থানের এক বছর পরও একের পর এক ঘটনা ঘটছে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএফএস) তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সারাদেশে গণপিটুনিতে নিহত হয়েছেন ৭৮ জন।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) ‘পালস সার্ভে ৩’ শিরোনামের এক জরিপে উঠে এসেছে, মব সহিংসতা নিয়ে উদ্বিগ্ন মানুষের হার ৮০ শতাংশ। নারীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৫৬ শতাংশ, রাতে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৬১ শতাংশ এবং পোশাকের কারণে রাস্তায় হয়রানি নিয়ে উদ্বিগ্ন ৬৭ শতাংশ মানুষ।
অপরাধ বিশেষজ্ঞদের মতে, গণপিটুনির ঘটনা ঘটার পেছনে নানা কারণ রয়েছে। আইন প্রয়োগে দুর্বলতা ও শাস্তির অনিশ্চয়তাÑদ্রুত বিচার না হওয়ায় নিজেরা শাস্তি দেবে মানসিকতায় গণপিটুনির ঘটনা বাড়ছে। সমাজের মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সহনশীলতা, সহমর্মিতা, কমে যাওয়াও গণপিটুনি বৃদ্ধির কারণ।
সুত্র: আমাদের সময়











































