শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বলেশ্বর নদের ভাঙনে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী থেকে মোরেলগঞ্জের সন্ন্যাসী এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার বাঁধের কমপক্ষে ১০টি স্থান মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
জানা যায়, নদী শাসন না করে বাঁধ নির্মাণ করায় বাঁধের গোড়া থেকেই ভাঙন শুরু হয়েছে। মাটির পরিবর্তে বালু দিয়ে তৈরি করার কারণে সামান্য ঢেউয়ের আঘাতে বাঁধে ধস সৃষ্টি হচ্ছে।
যে কারণে প্রতিনিয়ত ভাঙনে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। এ ছাড়া বাঁধ রক্ষায় বসানো সিসি ব্লক ধসে ধ্বংস্তুপে পরিণত হয়েছে বাঁধটি।
বঙ্গোপসাগর উপকূলীয় উপজেলা শরণখোলা ভৌগলিক কারণেই দুর্যোগপ্রবণ। ফলে বাঁধের নির্মাণকাজ চলমান থাকা অবস্থাতেই ভাঙন চলমান থাকে।
কাজ শেষ হওয়ার পর সর্বশেষ ২০২৪ সালের ২৬ মে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাঁধটি।
বলেশ্বর নদের তীররক্ষা বাঁধের প্রায় ২০ কিলোমিটারের মধ্যে ভাঙনকবলিত এবং অধিক ঝুঁকিপূর্ণ স্থানগুলো হচ্ছে- শরণখোলার সাউথখালী ইউনিয়নের বগী, গাবতলা, দক্ষিণ সাউথখালী, তাফালবাড়ী, রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর, বড়ইতলা (রিয়ারভিউ ইকোপার্ক), খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর মারকাজ মসজিদ, পূর্ব খোন্তাকাটা, কুমারখালী এবং মোরেলগঞ্জ অংশের সন্ন্যাসী ও ফাসিয়ালতা। এসব স্থানে ঘূর্ণিঝড় রিমালের পর অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস ও আরো নানা দুর্যোগে ধসে যেতে থাকে বাঁধটি। সাত বছর ধরে নির্মাণ কাজ শেষ করার মাত্র ১৮ মাস যেতে না যেতেই বাঁধটি একেবারে তছনছ হয়ে গেছে। ভাঙনের এমন ভয়াবহতায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাগেরহাট জেলা অফিস জানায়, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে ইতিমধ্যে কিছু কাজ করা হয়েছে। আরো একটি প্রকল্প শিগগিরই শুরু হবে। এ ছাড়া নদী শাসন ও সিসি ব্লক প্রতিস্থাপনের জন্য একটি বড় প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা গেছে, বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় ২০১৬ সালের ২৬ জানুয়ারি শরণখোলা এবং মোরেলগঞ্জ উপজেলার আংশিক এলাকা নিয়ে শুরু হয় ৬২ কিলোমিটার টেকসই বেড়িবাঁধের নির্মাণকাজ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি-১) মাধ্যমে ‘সিএইচডব্লিউই’ নামের চাইনিজ একটি ঠিকাদার প্রতিষ্ঠান নির্মাণ কাজ বাস্তবায়ন করে। মূল বাঁধ নির্মাণে ২৪২ কোটি টাকা এবং জমি অধিগ্রহণ, পুরনো বাঁধের পাশের ঘরবাড়ি ও গাছপালার ক্ষতিপূরণ মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হয় প্রকল্পটিতে। তিন বছরে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়াসহ নানা কারণে এই প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয় আরো তিন দফা। এতে কাজ শেষ হতে লেগে যায় প্রায় ৭ বছর। ২০২৩ সালের শেষ দিকে এসে বাঁধের কাজ সম্পন্ন হয়। এর পর ওই বছরের (২০২৩) ১৪ ডিসেম্বর ঠিকাদার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাঁধটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করে।
ভাঙনকবলিত গাবতলা এলাকার বাসিন্দা সাবেক মেম্বার মো. জাহাঙ্গীর খাঁন বলেন, ‘আমাদের বংশের এক থেকে দেড় হাজার বিঘা জমি বলেশ্বর নদের ভাঙনে বিলীন হয়ে গেছে। বলতে গেলে এখন আমাদের মাথা গোঁজারও ঠাঁই না। এভাবে বগী, গাবতলা, তাফালবাড়ী এলাকার হাজার হাজার পরিবারের ফসলি জমি, গাছপালা, ঘরবাড়ি হারিয়ে তাদের ভিক্ষার ঝুলি হতে নেওয়ার পালা হয়েছে। এখনো নদীতে সব ভেঙে গড় গড় করে নেমে যাচ্ছে।’
সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন হাওলাদার বলেন, ‘আমাদের ৩৫/১ পেল্ডারের পুরনো বেড়িবাঁধটি ঘূর্ণিঝড় সিডর এবং আইলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে বিশ্বব্যাংকের অর্থায়নে যে বাঁধ নির্মাণ করা হয়েছে তা টেকসই হয়নি। কাজ খুবই নিম্নমানের হয়েছে। টেকসই বাঁধ নির্মাণের আগে নদী শাসন করা দরকার ছিল। কিন্তু তা না করেই বাঁধ নির্মাণ করা প্রতিনিয়ত ভাঙন সৃষ্টি হচ্ছে। দ্রুত নদী শাসন না করা হলে এই বাঁধ কোনোভাবেই টেকানো সম্ভব হবে না।’
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ বলেন, ‘গত বছর ঘূর্ণিঝড় রিমালের আমাদের বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড রিপেয়ারিংয়ের একটি প্রকল্প হাতে নিয়েছে। শুনেছি আরো একটি বড় প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণে রেখেছি।’
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মাদ আল বিরুনী বলেন, ‘গত বছর ঘূর্ণিঝড় রিমালে শরণখোলার ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধটি বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থান মেরামতে বেশকিছু ইমার্জেন্সি ওয়ার্ক করা হয়েছে। জাইকার অর্থায়নে সাত কোটি টাকা ব্যয়ে আরো একটি কাজ হাতে নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘এ ছাড়া জাইকার অর্থায়নে ৩০ কোটি টাকার একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। বাজেট পেলে অধিক ঝুঁকিপূর্ণ সাউথখালী ও বগী এলাকার নদী শাসন, সিসি ব্লক প্রতিস্থাপন এবং ক্ষতিগ্রস্ত অন্যান্য স্থানের মেরামত কাজ করা হবে।’











































