Home খেলাধুলা বাগদত্তার সঙ্গে কবে সম্পর্কের শুরু, জানালেন রিঙ্কু

বাগদত্তার সঙ্গে কবে সম্পর্কের শুরু, জানালেন রিঙ্কু

12


স্পোর্টস ডেস্ক

রাজনীতির মঞ্চ থেকে ক্রিকেট মাঠ—দুই জগতের দুই মানুষ। একজন ভারতের সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সারোজ, অন্যজন কলকাতা নাইট রাইডার্সের বিস্ফোরক ব্যাটার রিঙ্কু সিং। ২০২৪ সালের জুনে লখনউয়ে ঘনিষ্ঠ পরিমণ্ডলে হয়েছে তাদের বাগ্‌দান। তবে সেই গল্পের সূচনা অনেক আগেই, একটি লাইক দিয়ে।

সম্প্রতি ‘নিউজ ২৪’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিঙ্কু জানালেন তাদের প্রেমের শুরুটা হয়েছিল ইনস্টাগ্রামে। ২০২২ সালে কোভিডের সময়, তার এক ভক্ত-চালিত পেজে রিঙ্কুর বোন প্রিয়ার কিছু ছবি পোস্ট করেন। সেই ছবিতে লাইক দেন রিঙ্কু। প্রথম দেখাতেই ভালো লেগে যায় প্রিয়াকে, তবে তখনই সরাসরি যোগাযোগে যাননি। কিছুটা দ্বিধায় ছিলেন তিনি।

কিন্তু পরিস্থিতি পাল্টায়, যখন প্রিয়াও রিঙ্কুর কয়েকটি ছবিতে লাইক দেন। সেটাই সাহস জোগায় রিঙ্কুকে। শুরু হয় ইনবক্সে কথোপকথন। সময়ের সঙ্গে সঙ্গে জন্ম নেয় ভালোবাসা। রিঙ্কু বলেন, ‘২০২২ সাল থেকেই ওকে ভালোবাসি। তবে মনের কথা বলতে সময় লেগেছিল। আমি নিজেকে ভাগ্যবান ভাবি, ওর মতো কাউকে পাশে পেয়েছি।’

সম্পর্কের শুরুতে ছিল প্রতিদিনের দীর্ঘ গল্প, দীর্ঘক্ষণ ফোনে কথা। এখন অবশ্য সেই সময় অনেকটাই কমে গেছে। সাংসদ হওয়ার পর প্রিয়া হয়ে পড়েছেন ব্যস্ত—কখনও গ্রামের মানুষের পাশে, কখনও সংসদ ভবনে। রিঙ্কু বলেন, ‘ওর রুটিন ইনস্টাগ্রামে দেখলেই বোঝা যায়—সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ। আমাদের এখন কথা হয় মূলত রাতেই, তাও অল্প কিছুক্ষণ।’

প্রিয়াকে নিয়ে রিঙ্কুর গর্বও কম নয়। সামাজিক দায়িত্বে তার মনোযোগ রিঙ্কুকে মুগ্ধ করে। তবে এত কিছুর মধ্যেও তারা একসঙ্গে ভবিষ্যতের দিকে এগোচ্ছেন। চলতি বছরের নভেম্বরেই বিয়ের কথা ছিল, কিন্তু তা আপাতত পিছিয়ে গেছে। সামনে এশিয়া কাপ, যেখানে রিঙ্কু দলে সুযোগ পেয়েছেন। এরপর ঘরোয়া ক্রিকেট মৌসুম। ফলে সময়ের বাস্তবতায় বড় দিনের পরিকল্পনাও কিছুটা সরিয়ে রাখতে হয়েছে।

ভবিষ্যতের জন্য অপেক্ষা করছেন দুজনেই। ক্রিকেটের ব্যাট আর রাজনীতির মঞ্চ—দুই ভিন্ন কণ্ঠে বাজছে এখন একটিই সুর। ভালোবাসার সুর।