স্পোর্টস ডেস্ক।।
গুজরাট টাইটান্সের বিপক্ষে ২০২৩ আইপিএলে ঐতিহাসিক ইনিংস খেলার পর রিঙ্কু সিংকে একটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান—রিঙ্কুর বিয়েতে উপস্থিত থেকে নাচবেন তিনি। সেই স্মৃতি এখনও ভোলেননি রিঙ্কু, আর তাই নিজের বিয়ের দিন কিং খানের আগমনের অপেক্ষায় রয়েছেন কেকেআরের এই তারকা ব্যাটার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিঙ্কু জানিয়েছেন, ‘বাগ্দানের আগে শাহরুখ স্যরের সঙ্গে কথা হয়েছিল। আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তখন ওঁর শুটিং চলছিল, তাই আসতে পারেননি। যদিও কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর এসেছিলেন অনুষ্ঠানে।”
শাহরুখের সেই প্রতিশ্রুতি নিয়ে রিঙ্কুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিয়েতেও তাকে নিমন্ত্রণ করেছি। দেখা যাক, স্যর আসতে পারেন কিনা। সবটাই নির্ভর করছে ওর সময়সূচির ওপর।’
বিয়ের তারিখ এখনো চূড়ান্ত না হলেও রিঙ্কুর পরিবার চাইছে ২০২৫ সালের নভেম্বরে বিয়ের অনুষ্ঠান হোক। এ প্রসঙ্গে রিঙ্কু বলেন, ‘এ বছরেই বিয়েটা সেরে ফেলতে চাই। তবে ঘরোয়া ক্রিকেট শুরু হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
উল্লেখ্য, গত জুন মাসে লখনউয়ে রিঙ্কুর বাগ্দান হয় সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে। ২০২২ সালে সামাজিক মাধ্যমে শুরু হওয়া পরিচয় থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক।
এখন দেখার বিষয়, প্রতিশ্রুতি অনুযায়ী বলিউড বাদশা কি সত্যিই রিঙ্কুর বিয়েতে হাজির হয়ে নেচে তাক লাগান কি না!











































