Home আঞ্চলিক মধ্যরাতে কৃষক ইকবালকে ফেরত দিলো বিএসএফ

মধ্যরাতে কৃষক ইকবালকে ফেরত দিলো বিএসএফ

29

নিজস্ব প্রতিনিধি।।


অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা বাংলাদেশি কৃষক ইকবাল হোসেনকে মধ্যরাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (২১ আগস্ট) মধ্যরাত দেড়টার দিকে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


বিজিবি সূত্রে জানা যায়, ভারতের রাউথবাড়ি ক্যাম্পের বিএসএফ ৫৬ ব্যাটালিয়ন এবং বাংলাদেশের ৪৭ বিজিবি বিওপি ক্যাম্পের মধ্যে এই বৈঠক হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কাথুলী কোম্পানির কমান্ডার সুবেদার মিজানুর রহমান এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন রাউথবাড়ি ক্যাম্প কমান্ডার এসি আনোছ কুমার।

বিএসএফ জানায়, ইকবাল হোসেন ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগে আটক হন। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর সীমান্তের ১৩২/১৫ আর পিলারের কাছে, ভারতীয় ভূখণ্ডে প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ ৫৬ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে।

পরে সীমান্ত আইন অনুযায়ী নোম্যান্সল্যান্ডে বিচরণের দায়ে ইকবাল হোসেনকে মামলা দিয়ে মেহেরপুরের গাংনী থানায় হস্তান্তর করে বিজিবি।

উল্লেখ্য, ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা এবং একজন পেশাদার কৃষক।