Home আঞ্চলিক খুলনায় ট্রলার দুর্ঘটনায় দুজন জীবিত উদ্ধার, নিখোঁজ আকাশের খোঁজে তিন বাহিনী

খুলনায় ট্রলার দুর্ঘটনায় দুজন জীবিত উদ্ধার, নিখোঁজ আকাশের খোঁজে তিন বাহিনী

28

স্টাফ রিপোর্টার।।


খুলনার ভৈরব নদীতে ফেরি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও খোঁজ মেলেনি আকাশ (১৭) নামে এক কিশোরের। দুর্ঘটনার পর দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল।


বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে খুলনা নগরীর জেলখানা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রলারটি ডুবে যায় এবং তাতে থাকা তিনজন নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন নদীতে ঝাঁপিয়ে পড়ে দু’জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের দিলীপ সরকারের ছেলে আকাশকে (১৭) তখনও খুঁজে পাওয়া যায়নি।

শুক্রবার (২২ আগস্ট) সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল যৌথভাবে অভিযানে অংশ নিচ্ছে। তবে বেলা ১১টার দিকে নদীতে অতিরিক্ত স্রোতের কারণে অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে হয়। স্রোত কমে গেলে আবারও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল কুদ্দুস বলেন, সংঘর্ষের পরপরই আমরা চিৎকার শুনতে পাই। কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে দুইজনকে টেনে তুলতে সক্ষম হয়, কিন্তু আকাশকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা হাসানুর রহমান বলেন, রাতের বেলায় নদীতে প্রচণ্ড স্রোত ছিল। সে কারণে সবার পক্ষে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ে।

এলাকাবাসী রফিকুল ইসলাম জানান, এই এলাকায় প্রায়ই নৌযান চলাচল করে। দুর্ঘটনার পরপরই নদীতে ভয়াবহ অবস্থা তৈরি হয়। উদ্ধারকারীরা স্রোতের কারণে বারবার সমস্যায় পড়েছেন।