Home আঞ্চলিক ধর্ম মানুষের আত্মার মুক্তি, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য: তুহিন

ধর্ম মানুষের আত্মার মুক্তি, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য: তুহিন

21


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা আসলে ধর্মকেই কলুষিত করে। ধর্ম মানুষের আত্মার মুক্তি, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। কিন্তু একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা জাতির জন্য অশুভ। ধর্মকে সামনে এনে ভোটের রাজনীতি করা মানে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা। এতে সমাজে বিভাজন সৃষ্টি হয়, সাম্প্রদায়িকতা বাড়ে, অথচ আমাদের প্রয়োজন ঐক্য ও সহনশীলতা।
শুক্রবার (২২ আগস্ট) নগরীর ফেরিঘাট মসজিদে বেলাল (রাঃ) এ পবিত্র জুম্মার নামাজ আদায়ের পূর্বে মুসল্লিদের উদ্দ্যেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না, বরং সব ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিতে বিশ্বাস করে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, এখানে সবার আগে নাগরিক পরিচয়, পরে ধর্মীয় পরিচয়। যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তারা দেশের অগ্রগতি ব্যাহত করছে। যারা মানুষের আবেগকে ব্যবহার করে বেহেশতের টিকিট বিক্রি করে, তারা আসলে ধর্মের ব্যবসায়ী। আল্লাহর জান্নাত বা বেহেশত কোনো দলের বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এটা শুধুই ঈমান ও সৎকর্মের ফল। ধর্মকে পুঁজি করে যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা সমাজে বিভাজন সৃষ্টি করছে। মানুষকে ভয় দেখিয়ে, স্বর্গ-নরকের দোহাই দিয়ে রাজনীতি করা এক ধরনের প্রতারণা। এরা জনগণের বিশ্বাসকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা ও স্বার্থসিদ্ধি করে। তুহিন মনে করিয়ে দেন, ইসলাম শান্তি, সাম্য ও ন্যায়ের শিক্ষা দেয়। কোনো রাজনৈতিক নেতা বা দল মানুষের জন্য জান্নাতের নিশ্চয়তা দিতে পারে না। এ ধরনের ভন্ড ধর্মব্যবসায়ীদের চিনে রাখা দরকার। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার রাজনীতিতে বিশ্বাস করে। এ সময় স্থানীয় মুসল্লিরা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।