খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ্ কামাল তাজের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ শরীফ সামছুর রহমান (৮৫) আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন- আমরা তো আল্লাহর এবং আল্লাহরই কাছেই ফিরে যাব)। বার্ধক্যজনিত কারণে গত ২৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ী তেরখাদা সদরের ইখড়ি কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জোহরবাদ খুলনা আলিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
শিক্ষাবিদ অধ্যক্ষ শরীফ শামসুর রহমান বর্ণাঢ্য কর্মজীবনে নর্থ খুলনা ডিগ্রি কলেজ, পাইকগাছার কপিলমুনি কলেজ, পিরোজপুরের মঠবাড়িয়া কলেজ, তেরখাদা গার্লস্ স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেন। শুরুতেই তিনি নর্থ খুলনা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি আলীম জুটমিল, যশোরের জেজেআই জুটমিল ও রাজশাহী জুটমিলের ডেপুটি ম্যানেজার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ কেবল শিল্প ইন্ডাস্ট্রিজ’র ম্যানেজার (এডমিনিষ্ট্রিশন) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সামাজিক জীবনে তিনি অত্যন্ত সদ্বালাপী, দানশীল ও পরহেজগার ব্যক্তি হিসেবে সর্বজন শ্রদ্বেয় ব্যক্তি ছিলেন।
শরীফ শাহ্ কামাল তাজের পিতার মৃত্যুর খবর শুনে খুলনার রাজনৈতিক, ব্যবসায়িক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।











































