ক্রীড়া প্রতিবেদক
একদিন আগে শেষ হয়েছে ‘জয়তু শেখ হাসিনা’ আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের। যেখানে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগারান্ত সুসান্ত। ভারতের গ্র্যান্ডমাস্টার এসএল নারায়াণন দ্বিতীয় ও ইরানের আমিন তাবতাবেই তৃতীয় হন। ১৮ দেশের মোট ৭৪জন প্রতিযোগী অংশ নেন এই টুর্নামেন্টে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ দাবা ফেডারেশন। পৃষ্ঠপোষকতা করে কানাডিয়ান বিশ্ববিদ্যালয় এবং সহযোগিতায় ছিল সাউথ এশিয়ান চেস কাউন্সিলের আয়োজনে ও গোল্ডেন স্পোর্টিং কাব। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ছয় হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কারের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী। গতকাল রবিবার ছিল এই টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠান। ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টে’ বিজয়ীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে শেষ হলো এই জমজমাট আয়োজন।
রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে গতকাল আয়োজন করা হয় এই বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন এশিয়ান চেস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিশাম আল তাহির। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও নেতৃত্বের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
সমাপনী অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, গোল্ডেন স্পোর্টিং কাবের সভাপতি মোহাম্মদ আমির আলী রানা, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিকও বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়নসহ শীর্ষস্থানে থাকা দাবাড়ুদের পুরস্কৃত করা হয়। দেশের বাইরে থেকে অনলাইনে পুরস্কার নেন বিজয়ীরা।
জাতীয় পেসাপালোর উভয় বিভাগে পুলিশ চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
‘ওয়ালটন দ্বিতীয় জাতীয় পুরুষ ও মিশ্র পেসাপালো প্রতিযোগিতা-২০২০’ এর উভয় বিভাগে বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স-আপ হয়েছে বাংলাদেশ আনসার।
গতকাল রবিবার পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ ০৬-০০ ব্যবধানে বাংলাদেশ আনসারকে হারিয়ে শিরোপা জিতে নেয়। আর মিশ্র বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসারকে ০৬-০১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পুলিশ। চ্যাম্পিয়ন পুলিশ ও রানার্স-আপ আনসারকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এ ছাড়া উভয় দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) ও বাংলাদেশ পেসাপালো অ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এআইজি (সংস্কৃতি ও খেলাধুলা) শরীফ মুস্তাফিজুর রহমান।
এবারের এই প্রতিযোগিতার পুরুষ বিভাগে ‘এ’ গ্রুপে ছিল বাংলাদেশ পুলিশ, সভার কমিউনিটি স্পোর্টস কাব ও জিসান স্পোর্টস কাব। ‘বি’ গ্রুপে ছিল বাংলাদেশ আনসার, ঢাকা জেলা ও স্যান্ড আঞ্জেল কাব। মিশ্র বিভাগে চারটি দলের মধ্যে ছিল বাংলাদেশ আনসার, জিসান স্পোর্টস কাব, বাংলাদেশ পুলিশ ও সাভার কমিউনিটি স্পোর্টস কাব।
এবারের এই প্রতিযোগিতার সহযোগিতায় ছিল ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার হিসেবে ছিল রেডিও টুডে। আর অনলাইন পার্টনার ছিল রাইজিংবিডি.কম।
প্রধানমন্ত্রীর জন্মদিনে বিসিবির বিশেষ আয়োজন
ক্রীড়া প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। আজ সোমবার প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ মোনাজাত এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আয়োজন করেছে।
গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিশেষ দোয়া ও মোনাজাত ছাড়াও দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করবে বিসিবি। বেলা ১টার দিকে মিরপুরের ক্রিকেট একাডেমিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এ আয়োজন সম্পন্ন হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি ছাড়াও বোর্ডের একাধিক পরিচালক উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন।
বাফুফের নির্বাচন পর্যবেক্ষণ করবে ক্রীড়া মন্ত্রণালয়
ক্রীড়া প্রতিবেদক
আগামী ৩ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন ফিফা-এএফসি পর্যবেক্ষণ করবে। সরাসরি ভেন্যুতে এসে না করতে পারলেও অনলাইনে সবকিছু দেখবে খেলাটির বৈশ্বিক ও মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা দুটি। তাদের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও নজরদারি থাকবে নির্বাচনে।
আপাতত তিন সদস্যের একটি পর্যবেক্ষক কমিটিও গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়। প্রয়োজনে এই কমিটির সদস্যসংখ্যা বাড়বে। সোমবার জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন এমনটাই। তিনি বলেছেন,‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন যেন সুষ্ঠভাবে হতে পারে এই কারণে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি মনিটরিং টিম আমরা গঠন করেছি। গত বৃহস্পতিবারই তা গঠন করা হয়েছে। আশা করছি দু’একদিনের মধ্যে তা কার্যকর হবে। নির্বাচনটি যাতে অবাধ ও সুষ্ঠু হয় সেই লক্ষ্যে কমিটি সর্বক্ষণিক মনিটরিং করবে এই কমিটি।’
ব্যাডমিন্টন ফেডারেশনে অ্যাডহক কমিটি
ক্রীড়া প্রতিবেদক
ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে গত মাসেই। তাই নতুন অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই ২৭ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে আছেন আগের কমিটিতে একই পদে থাকা ড. আব্দুল মালেক, তবে সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত পেয়েছেন কবিরুল ইসলাম সিকদার। যিনি আগের কমিটির দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২১ ধারার প্রদত্ত ক্ষমতা বলে ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই অ্যাডহক কমিটি হয়েছে। সোমবার ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম স্বাক্ষরিত চিঠিতে প্রজ্ঞাপনের মাধ্যমে তা প্রকাশ হয়েছে। ২৭ সদস্যের কমিটিতে আরও জায়গা হয়েছে দুই সাবেক খেলোয়াড় নিখিল চন্দ্র ধর ও ওয়াহিদুজ্জামান রাজুর। নতুন কমিটিতে জায়গা পেয়ে রাজু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সবাই মিলে কাজ করলে ব্যাডমিন্টনকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।’
গিলাতলা যুবসংঘের উপদেষ্টা আজাদ শেখের ইন্তেকাল
ক্রীড়া প্রতিবেদক
গিলাতলা যুব সংঘের উপদেষ্টা মরহুম শেখ আমজাদ হোসেনের বড় ছেলে শেখ আজাদ হোসেন (৪৮) ইন্তেকাল করেছেন ( ইন্না….রাজিউন)। ২৬ সেপ্টেম্বর রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
গতকাল রবিবার সকাল ১০টায় গাফফার ফুড মোড়ে জানাযা নামাজ শেষে গিলাতলা কেডিএ আবাসিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন খুলনা ৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, ১নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মির কায়সেদ আলী, হাসান মাহমুদ টিটো, হাফেজ গোলাম মোস্তফা, শেখ আনোয়ার হোসেন, আমজাদ হোসেন, মোল্লা সোলায়মান, আজাহার গাজী, ইমরান খালিদ, গিলাতলা যুব সংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ ।
কলকাতার কাছে পাত্তাই পায়নি হায়দরাবাদ
ক্রীড়া প্রতিবেদক
দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পেলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে অসহায় আত্মসমর্পণ করা কেকেআরের কাছে শনিবার কুপোকাৎ সানরাইজার্স হায়দরাবাদ।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুই ওভার হাতে রেখে কলকাতা ৭ উইকেটে জিতেছে। আট দলের মধ্যে হায়দরাবাদই এখনও পর্যন্ত জয়শূন্য। ওয়ার্নারের দল কোনও কারণে ছন্দ খুঁজে পাচ্ছে না। এসে গেছেন কেন উইলিয়ামসন, তিনি হাল ধরলে যদি ভিন্ন কিছু হয়। পিচ খারাপ নয়। এমন পিচে ছয় উইকেট হাতে রেখে মাত্র ১৪২ রান, কোনও দলের সঙ্গেই যায় না। ১৪২ রান ৪ উইকেট খুইয়ে আইপিএলের তৃতীয় সর্বনিম্ন রান। দ্বিতীয় ও সর্বনিম্ন রান করা দুটি দলই হেরেছে। টস জিতে যখন প্রথমে ব্যাট করে এত অল্প রান তোলে হায়দরাবাদ, তখনই অনেকে জয়ের আসনে বসিয়ে দিয়েছে কলকাতাকে।
তীব্র শীতের সঙ্গে প্রতিপক্ষকেও হারালেন আজারেঙ্কা
ক্রীড়া প্রতিবেদক
ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। প্রথম রাউন্ডের লড়াইয়ে প্রতিপক্ষ ডানকা কোভিনিচকে হারিয়েছেন বেলারুশের এ তারকা।
কোর্টের লড়াইয়ে প্যারিসের শীত বেজায় ভুগিয়েছে আজারেঙ্কাকে। প্রথম সেটে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর খেলাই ছেড়ে দিয়েছিলেন তিনি। অস্বস্তিকর পরিস্থিতিতে আজারেঙ্কা খেলতেই চাননি। অফিসিয়ালদের সঙ্গে বিতর্কে জড়িয়ে কিছুক্ষণের জন্য কোর্টও ছেড়ে ছিলেন। শেষমেশ খেলায় ফিরে মন্টেনেগ্রোর প্রতিপক্ষকে ৬-১ ও ৬-২ গেমে হারান আজারেঙ্কা। জ্যাকেট ও লেগিংস পরে জিতেছেন এক ঘণ্টার একটু বেশি সময় নিয়ে। দ্বিতীয় রাউন্ডে আজারেঙ্কা লড়বেন ভেনাস উইলিয়ামস বা আন্না স্মাইয়েডলোভার বিপক্ষে।
নতুন খেলোয়াড় কিনবে না রিয়াল মাদ্রিদ
ক্রীড়া প্রতিবেদক
নতুন মৌসুমে এরই মধ্যে গ্যারেথ বেল, হামেস রদ্রিগেজ, আশরাফ হাকিমি, রেগুইলিয়ন ও ব্রাহাম ডিয়াজকে ছেড়ে দিয়েছে স্প্যানিশ কাব রিয়াল মাদ্রিদ। কিন্তু নতুন করে কোনো খেলোয়াড়কে নিজেদের দলে ভেড়ায়নি স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দলের কোচ জিনেদিন জিদান সাফ জানিয়ে দিয়েছেন, এবারের মৌসুমে নতুন কোনো খেলোয়াড় কিনবে না তার দল।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে জেগেছিল পরাজয়ের শঙ্কা। তবে প্রথমে আত্মঘাতী গোলের উপহার আর শেষে পেনাল্টিতে পাওয়া গোলে মৌসুমের প্রথম জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে স্কোয়াডের শক্তিমত্তা নিয়ে। তবে দলের কোচ জিদান আস্থা রেখেছেন নিজের খেলোয়াড়দের ওপর। নতুন খেলোয়াড় দলের আনার ব্যাপারে তার ভাষ্য, ‘না! আমরা এর আগেও এ বিষয়ে কথা বলেছি। আমাদের স্কোয়াডের খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট। আমাদের যা আছে আমরা তাই। আবারও চেষ্টা করব একটি সফল মৌসুম কাটানোর জন্য।’
পেনাল্টি গোলে স্বস্তির জয় রিয়ালের
ক্রীড়া প্রতিবেদক
মৌসুমে নিজেদের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র করেছিল স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচে আরও একধাপ অবনমনের পথেই ছিল তারা, জেগেছিল পরাজয়ের শঙ্কা। তবে প্রথমে আত্মঘাতী গোলের উপহার আর শেষে পেনাল্টিতে পাওয়া গোলে মৌসুমের প্রথম জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম ম্যাচে যেমন তাদের মাঠে খেলতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে, তেমনি দ্বিতীয় ম্যাচেও যেতে হয়েছে রিয়াল বেটিসের মাঠে। যেখানে একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। পরে দুই গোল করে কোনোমতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা। বেটিসের বিপক্ষে পরপর তিন ম্যাচ জয়বঞ্চিত থাকার পর অবশেষে জয়ের দেখা পেলো রিয়াল। আগের তিন ম্যাচে দুইটি জিতেছিল বেটিস, ড্র হয়েছিল অন্যটি। চতুর্থ ম্যাচে এসে জিতল রিয়াল। চলতি মৌসুমে প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে এসে প্রথম পরাজয়ের স্বাদ পেলো রিয়াল বেটিস।
চেলসির অবিশ্বাস্য প্রত্যাবর্তন
ক্রীড়া প্রতিবেদক
ইউরোপিয়ান ফুটবলে শনিবার রাতটি বড় দলগুলোর জন্য ছিল খুবই সৌভাগ্যময়। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট হারানোর দ্বারপ্রান্তে থেকেও নাটকীয়ভাবে জিতেছে তাদের ম্যাচ। রিয়াল ও ম্যানইউর মতো জয় না পেলেও, অবিশ্বাস্যভাবে হার এড়িয়েছে ইংল্যান্ডের আরেক বড় দল চেলসি।
দলবদলের মৌসুমে তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়ে বড় চমক দেখানোর আভাসই দিয়েছিল চেলসি। কিন্তু মাঠের খেলায় যেন এর ছাপ খুব অল্পই। নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ব্রাইটনকে হারালেও, দ্বিতীয় ম্যাচে তারা হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের কাছে। তৃতীয় ম্যাচে পুঁচকে ওয়েস্ট ব্রুমও দিয়েছিল চোখরাঙানি। তবে শেষ সময়ের গোলে কোনোমতে হার এড়িয়েছে ব্লুজরা।
জয়ে শুরু ইন্টারের নতুন মিশন
ক্রীড়া প্রতিবেদক
পিছিয়েই পড়েছিল ইন্টার মিলান। তবে হাল ছাড়েনি। ম্যাচের শেষ তিন মিনিটে দুই গোল করে ঠিকই জয় ছিনিয়ে নিয়েছে কোচ অ্যান্তোনিও কন্তের দল। ঘরের মাঠে ইন্টার ৪-৩ গোলে হারিয়েছে ফিওরেন্তিনাকে। ফলে জয় দিয়ে সেরি এ’তে নতুন মিশন শুরু করল স্বাগতিকরা।
ম্যাচের তৃতীয় মিনিটেই ক্রিশ্চিয়ান কাউমে সফরকারী ফিওরেন্তিনাকে এগিয়ে দেন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ইন্টারকে সমতায় ফেরান লাওতারো মার্তিনেজ (৪৫+২ মিনিটে)। বিরতির পর ৫২তম মিনিটে ফেডেরিকো সেকেরিনির আত্মঘাতী গোলে এবার এগিয়ে যায় ইন্টার। ছয় মিনিটের স্পেলে গায়েতানো কাস্ত্রোভিল্লি (৫৭তম মিনিটে) ও ফেডেরিকো চিয়েসার (৬৩তম মিনিটে) গোলে ফের লিড নেয় ফিওরেন্তিনা। ৮৭তম মিনিটে রোমেলু লুকাকু ম্যাচে আবার সমতায় নিয়ে আসেন। ম্যাচ হওয়ার এক মিনিট আগে মিলানের জায়ান্ট কাবকে জয় সূচক গোল এনে দেন ডানিলো ডি’অ্যামব্রোসিও।
আফগান-কিউইদের না বলল অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
আফগানিস্তানের বিপক্ষে হোম টেস্ট স্থগিত করেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সঙ্গে বাতিল করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও।
ম্যাচগুলো এই উইন্টারেই হওয়ার কথা ছিল। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে ম্যাচগুলো এখন হবে ২০২১-২২ মৌসুমে। যদিও চলতি শীতেই ভারতের বিপক্ষে হোম টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সঙ্গে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে তারা। তবে ক্রিকেটের জন্য সুখবর আছে আরও। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে স্বাগত জানাতে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি) অনুমতি দিয়েছে দেশটির সরকার। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই কিউইদের এই হোম সিরিজের সূচি জানা যাবে।











































