গোপালগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছেলেকে সাথে নিয়ে দুধ দিয়ে গোসল করলেন গোপালগঞ্জের সাইফুল ইসলাম (৪৫)। শনিবার (১৬ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে ব্যতিক্রমী এই ঘটনা ঘটে। ইতিমধ্যে এই ঘটনার ছবি এবং কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সাথে সাইফুলের ১২ বছরের সংসার ছিল। তবে সংসার জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের কারণে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। অবশেষে শনিবার বিকেলে সাইফুল আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে তালাক দেন। এর কিছুক্ষণ পর তিনি ও তার ১০ বছরের ছেলে মিনহাজ শেখ দুধ দিয়ে গোসল করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাইফুলের দাবি, গত ১২ বছর তারা বাবা-ছেলে ভীষণ কষ্টে দিন কাটিয়েছেন। নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। আট মাস আগে স্ত্রীর চাপে স্ত্রী-সন্তান নিয়ে মা-বাবার কাছ থেকে আলাদা হয়ে যাই। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। স্ত্রীকে তালাক দিয়ে সেই অধ্যায়ের অবসান হয়েছে। তাই আনন্দ প্রকাশে তারা দুধ দিয়ে গোসল করেছেন।
স্ত্রীর বির”দ্ধে অভিযোগ করে সাইফুল ইসলাম বলেন, গত ৩১ জুলাই স্ত্রী তাকে মারপিট করে। পরে ওইদিনই আমার মা ও দুই বোনকে তাকে মারপিট করার মিথ্যা অভিযোগ করে মুকসুদপুর থানায়। বিষয়টি তদন্তের দায়িত্বে ছিলেন মুকসুদপুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ। তিনি ৪ আগস্ট উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। পরে উভয় পক্ষের কাছে বিষয়টি নিয়ে সময় চান তিনি। এরপর গত (শুক্রবার) ১৬ আগস্ট মুকসুদপরের একটি হোটেলে দু’পক্ষের লোকজন বিষয়টি নিয়ে আলোচনায় বসে। সেখানে সামাজিকভাবে ৫ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ির একটি সমঝোতা হয়। এ সংক্রান্ত আপস-মীমাংসা করে উভয় পক্ষ কাগজে স্বাক্ষর করে। কাগজটি ওই কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।
মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, রোজিনা বেগম তার স্বামী, শ্বাশুড়ি ও দুই ননদের বির”দ্ধে মারপিটের অভিযোগ করেন। এ ব্যাপারে গত শুক্রবার (১৫ আগস্ট) দু’পক্ষ বসে একটি আপোস মীমাংসার মাধ্যমে বিষয়টির সমাধান করেছে। আপস মীমাংসার একটি লিখিত কাগজ আমার কাছে ওই নারী ওইদিনই জমা দিয়েছেন।











































