খুলনাঞ্চল রিপোর্ট
এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একযোগে পদত্যাগ করেছেন দলটির মাদারীপুরের শিবচর উপজেলা কমিটির ৪ জন নেতা।
শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শিবচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগ করেন। পদত্যাগ করা নেতারা হলেন-এনসিপির শিবচর উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা শিবচর উপজেলার কর্মী হিসেবে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দেশের কল্যাণ এবং একটি নতুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এ সংগঠনে যোগ দিয়েছিলাম। পরবর্তীতে এই কমিটি রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে পরিচিতি লাভ করলে, আমরা স্বয়ংক্রিয়ভাবে উক্ত দলে অন্তর্ভুক্ত হয়ে যাই। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে, শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যাস্ত করা হয়েছে, যারা আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ অযোগ্য। এর ফলে দলের প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরের ইতিবাচক পরিবর্তন বা টেকসই উন্নয়ন সম্ভব নয়।
এর আগে, শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টা ৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ (আরফান উদ্দিন)।











































