খুলনাঞ্চল রিপোর্ট
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো দেশে যখন নিন্দার ঝড় উঠেছে, তখনও গাজীপুরে থেমে নেই খুনোখুনি। শনিবার আরও তিনটি খুনের ঘটনা ঘটেছে।
শ্রীপুর উপজেলার মাওনা ফ্লাইওভারের নিচে ঘুমানো নিয়ে জুয়েল রানা নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মহানগরের ফাওকাল চাপুলিয়া এলাকায় ব্রিজের নিচে মিলেছে এক নারীর লাশ।
এদিকে, মহানগরের কাশিমপুর এলাকায় জেমী আক্তার নামের এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে তাঁর স্বামী।
জুয়েলকে ছুরিকাঘাতে হত্যা করে তার সঙ্গীরা। এ ঘটনায় রাকিব হাসান ও রবিন হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, রেলব্রিজের নিচে অচেনা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের চাপুলিয়া ফাওকাল এলাকায় রেলব্রিজের নিচে খাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর পরনে ছিল লাল সালোয়ার ও সোনালি রঙের জামা।
কাশিমপুরের চক্রবর্তী এলাকায় শুক্রবার সন্ধ্যায় জেমী আক্তারকে বালিশচাপা দিয়ে হত্যা করে তাঁর স্বামী। রাকিব হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেমী দিনাজপুরের সেতাবগঞ্জের মিচরি গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।
বগুড়া সদর উপজেলার লতিফপুর গ্রামের রাকিব হাসান স্ত্রী জেমী ও দুই সন্তান নিয়ে চক্রবর্তী এলাকায় লুৎফর রহমানের ছয়তলা ভবনে ভাড়া থাকতেন। তিনি ওই এলাকায় মাছের ব্যবসা করেন।
এ বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে রাকিব হত্যার কথা স্বীকার করে। পরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয় বলে জানান কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান।











































