বিনোদন ডেস্ক
চলতি সময়ের জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী দুর-ই-ফিশান সেলিম। পাঁচ বছরের ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটক-সিরিজে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম ‘ইশক মুরশিদ’। ললিউডেরই আরেক তারকা বিলাল আব্বাসের সঙ্গে জুটি বাঁধেন তিনি এই নাটকে। দর্শকদের মনে জায়গা করে নেয় শাহমির-শিবরা জুটি।ইশক মুরশিদ এর পর থেকেই গুঞ্জন উঠে গোপনে বিয়ে করেছেন দুর-ই-ফিশান ও বিলাল আব্বাস। গত বছর এক ইউটিউবার এ দাবি করার পর জল্পনা আরও জোরাদার হয়। মূলত ইশক মুর্শিদের প্রচারণামূলক ইভেন্টগুলোতে তাদের যৌথ উপস্থিতি এসব জল্পনাকে আরও উস্কে দেয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী প্রথমবারের মতো এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। বলেন, এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। যদি সত্যিই এরকম কিছু ঘটতো, তাহলে এতক্ষণে ছবি প্রকাশ হয়ে যেত। তবে সেটে আমাদের মধ্যে ভালো স্বাচ্ছন্দ্য ছিল। আমরা অনেক হাসতাম। আমরা দুজনেই ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাই। সুতরাং আমাদের রসায়ন অন-স্ক্রিন ভূমিকার মধ্যেই সীমাবদ্ধ ছিলো। এছাড়া বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, বিবাহ একটি ব্যক্তিগত বিষয়। কিন্তু যদি এত গুরুত্বপূর্ণ জীবনের ঘটনা ঘটত, তাহলে লোকেরা তা শেয়ার করতে দ্বিধা করতো না। এত গুরুত্বপূর্ণ মুহূর্ত কেউ গোপন করে না।











































