বিনোদন ডেস্ক।।
এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার হেনস্তার শিকার হয়ে ফের খবরের শিরোনামে তিনি। তাও আবার নিজ বাড়িতেই হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কান্নায় ভেঙে পড়েছেন তনুশ্রী। এমনকি সবার কাছে সাহায্য প্রার্থনা করেন তিনি। ‘আশিক বানায়া আপনে’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু তনুশ্রীর। এ ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন তিনি। এরপর একই ধরনের চরিত্রে বেশ কিছু ছবিতে অভিনয় করেও আলোচিত হন। মধ্যে অভিনয় থেকে দূরে ছিলেন। পরে ২০১৮ সালে হঠাৎই অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে আলোচনায় আসেন তিনি। এবার নিজ বাড়িতেই এমন ঘটনার শিকার হয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছেন এই তারকা। ভিডিওতে কাঁদতে কাঁদতে তনুশ্রী বলেন, নিজের বাড়িতেই আমি নির্যাতিত। আমি প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি। হতাশায় ভুগছি। বাধ্য হয়েই পুলিশে ফোন করেছি।
আমায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই। তিনি বলেন, গত চার-পাঁচ বছর ধরে আমার ওপর এভাবে অত্যাচার চালানো হচ্ছে। আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। গোটা বাড়ি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে। বাড়ির কাজের জন্য সাহায্য করার কোনো লোকও রাখতে পারছি না। সমস্ত কাজ নিজেকেই করতে হয়। শুধু বাড়ির ভেতরেই নয়, তনুশ্রী আরও জানান যে তার বাড়ির বাইরেও নাকি লোকজন এসে নানা খারাপ মন্তব্য করে যাচ্ছে। এ অবস্থায় সামাজিক মাধ্যমে তিনি সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তবে ঠিক কী কারণে তার ওপর এই হেনস্তা চালানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী।











































