Home খেলাধুলা মেয়ের জন্মদিনে শামির আবেগঘন বার্তা

মেয়ের জন্মদিনে শামির আবেগঘন বার্তা

20


স্পোর্টস ডেস্ক

বিচ্ছেদের মামলা চলছে আদালতে, তবু মেয়েকে নিয়ে আবেগ লুকাননি ভারতীয় পেসার মোহম্মদ শামি। বৃহস্পতিবার নিজের মেয়ে আইরার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ ও হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন তিনি। সেখানে মেয়ে আইরার প্রতি ভালোবাসা প্রকাশ করলেও, কোথাও উচ্চারণ করেননি স্ত্রী হাসিন জাহানের নাম, যার সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছে ভারতের আলিপুর আদালতে।

নিজের পোস্টে শামি লিখেছেন, ‘আজও মনে পড়ে সেই সব রাত, যখন আমরা জেগে থাকতাম, কথা বলতাম, হাসতাম, আর তোর নাচ দেখতাম। বিশ্বাসই হচ্ছে না, তুই এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস। সব সময় তোর জীবনে ভালো কিছু হোক, এটাই চাই। ঈশ্বর যেন তোকে ভালোবাসা, শান্তি, সুখ আর স্বাস্থ্য দেন—আজীবন। শুভ জন্মদিন আইরা।’

শামি ও হাসিনের একমাত্র কন্যা আইরা বর্তমানে মায়ের সঙ্গেই থাকছে। সম্প্রতি আদালতের নির্দেশে, মেয়ের ভরণপোষণ বাবদ প্রতি মাসে ২.৫ লাখ রুপি এবং হাসিন জাহানের জন্য ১.৫ লাখ রুপি দিতে হবে শামিকে। তবে এই অর্থ নির্ধারিত হয়েছে ঘরোয়া হিংসা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত।

এর আগে ২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে বিয়ে হয় শামির। ২০১৫ সালে জন্ম হয় তাঁদের কন্যাসন্তান আইরার। তবে বৈবাহিক সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। ২০১৮ সালে যাদবপুর থানায় শামি ও তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন হাসিন। অভিযোগে ছিল নির্যাতন, খুনের চেষ্টা, এমনকি ধর্ষণের মতো গুরুতর অভিযোগও। একই সঙ্গে তিনি বিবাহবিচ্ছেদের আবেদনও জানান আদালতে।

প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, ২০০৫-এর আওতায় মামলায় হাসিন দাবি করেছিলেন অন্তর্বর্তীকালীন ভরণপোষণ বাবদ প্রতি মাসে ১০ লাখ রুপি—যার মধ্যে ৭ লাখ নিজের জন্য এবং ৩ লাখ মেয়ে আইরার জন্য।

তবে নিম্ন আদালত প্রথমে মেয়ের জন্য ৮০ হাজার পুরি এবং পরে জেলা জজ তা সংশোধন করে হাসিনকে মাসে ৫০ হাজার রুপির ভরণপোষণের নির্দেশ দেন।

এই সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে হাইকোর্টে যান হাসিন। আদালতে তার আইনজীবী দাবি করেন, হাসিনের মাসিক আয় মাত্র ১৬ হাজার টাকা, যা ব্যাংকের স্থায়ী আমানত থেকে আসা সুদের টাকা। অথচ শামির সঙ্গে থাকাকালে তিনি ব্যয়বহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, যার ফলে এখন তাঁর মাসিক খরচ প্রায় ৬ লাখ রুপি।

অন্যদিকে, শামির দাবি, হাসিন নিজে একজন সফল মডেল ও অভিনেত্রী এবং বিজ্ঞাপন থেকেও ভালো অর্থ উপার্জন করেন। তার মাসিক আয় ৫ লাখ রুপির কম নয়, এমনকি ব্যাংকে রয়েছে একাধিক স্থায়ী আমানত। তথ্য গোপনের অভিযোগও তোলেন তিনি।

তবে হাইকোর্ট শামির যুক্তি গ্রহণ করেনি। আদালতের ভাষ্য অনুযায়ী, শামির বাৎসরিক আয় প্রায় ৭.১৯ কোটি টাকা (২০২০-২১ অর্থবছর অনুযায়ী)। সেই বিবেচনায় প্রাক্তন স্ত্রী ও সন্তানের ভরণপোষণের দায়িত্ব এড়ানো তার পক্ষে সম্ভব নয়।

এদিকে, মেয়ের প্রতি শামির ভালোবাসা যেন নতুন করে আলোচনায় ফিরিয়ে আনল এক জটিল সম্পর্কের আবেগী অধ্যায়।