Home খেলাধুলা পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় কোহলির ভিডিও দায়ী!

পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় কোহলির ভিডিও দায়ী!

13


স্পোর্টস ডেস্ক

গত আইপিএল জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ট্রফি উদ্‌যাপন অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় সরাসরি দায় চাপানো হয়েছে ক্রিকেটার বিরাট কোহলির একটি ভিডিওর ওপর। ভারতের কর্নাটক সরকার হাইকোর্টে দায়ের করা প্রতিবেদনে জানিয়েছে, কোহলির সমর্থকদের আহ্বান জানিয়ে প্রকাশ করা ভিডিওই বিপুল জনসমাগমের অন্যতম কারণ।


সরকারের বক্তব্য অনুযায়ী, অনুষ্ঠান উপলক্ষে যথাযথ পরিকল্পনার অভাব এবং আয়োজক সংস্থা ডিএনএ এন্টারটেনমেন্ট, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা এবং আরসিবির মধ্যে সমন্বয়ের ঘাটতিও এই দুর্ঘটনার জন্য দায়ী।

সরকার অভিযোগ করেছে, স্টেডিয়ামের গেট নির্ধারিত সময়ের অনেক পরে খোলা হয়, ফলে আগত জনতার মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয় এবং সেই কারণেই পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ঘটে।

কর্নাটক সরকারের আইন কর্মকর্তা অ্যাডভোকেট জেনারেল পিএস রাজাগোপাল আদালতে জানান, পুলিশ সেদিন কার্যত আরসিবির কর্মচারীর মতো আচরণ করেছে। তিনি আরও বলেন, পুলিশ তখনো সরকারের অনুমতি না পেয়েই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ব্যস্ত হয়ে পড়ে, যার মধ্যে পুলিশের শীর্ষ কর্মকর্তারাও জড়িত ছিলেন।

ওই ঘটনার পর আইপিএস অফিসার বিকাশ কুমারকে বরখাস্ত করেছিল সরকার। পরে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট) তার বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানালে, তা আদালতে চ্যালেঞ্জ করে সরকার।

সরকারের পক্ষ থেকে বলা হয়, পুলিশ কর্মকর্তারা সেদিন দায়িত্বে গাফিলতি করেছেন এবং জনসচেতনতা তৈরির কোনো প্রয়াসই তারা দেখায়নি।

ঘটনার তদন্ত এবং দোষীদের চিহ্নিত করতে উচ্চ পর্যায়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছে হাইকোর্ট।