Home আলোচিত সংবাদ বিশেষ নিবন্ধ: আমরা শঙ্কিত, উদ্বীগ্ন

বিশেষ নিবন্ধ: আমরা শঙ্কিত, উদ্বীগ্ন

45

বিশেষ প্রতিনিধি
আমরা শঙ্কিত ও উদ্বীগ্ন। ‘মুক্ত প্রকাশ, মুক্ত বিকাশ’ শ্লোগানকে বুকে ধারণ করে ২০১৫ সালের ১৩ নভেম্বর খুলনা অঞ্চলের গণমানুষের মুখপত্র হিসেবে সাপ্তাহিক থেকে দৈনিক হিসেবে যাত্রা করে ‘খুলনাঞ্চল’। জন্মলগ্ন থেকে আধুনিক, গতিশীল ও উন্নয়ন সাংবাদিকতা নিয়ে পাঠকের প্রিয় পত্রিকা হয়ে ওঠে খুলনাঞ্চল। শুধু ব্যতিক্রম অঙ্গসজ্জাই নয়, ব্যতিক্রম বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই সাহসী সংবাদ পাঠকের মাঝে তুলে ধরাই পত্রিকাটির মূল নীতি। এ কারণে সমাজের অনিয়ম, অসঙ্গতি, দুর্নীতি, অব্যবস্থাপনা, নির্যাতন-নিপীড়ন তুলে ধরায় দৈনিক হিসেবে আত্ম প্রকাশকাল থেকেই নানা ষড়যন্ত্র, চক্রান্ত ও হুমকির মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। কোন রক্তচক্ষুর কাছে মাথানত করেনি।
দৈনিক খুলনাঞ্চল’র এই দীর্ঘ পথচলায় অগণিত পাঠকই আমরা মূলশক্তি। সত্য অনুসন্ধানে খুলনাঞ্চল কখনো পিছু হটেনি। আমরা মনেকরি, রাষ্ট্র ও সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত না হলে কখনো গণতন্ত্র সুসংহত হতে পারে না। এখনও বছর শেষ হয়নি এদেশের ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলসমুহ, সংগঠন, ছাত্র-জনতা রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল। হাজারো শহীদদের রক্ত ও হাজার হাজার ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে। দীর্ঘ ১৭ বছরের দু:শাসন থেকে মানুষ মুক্ত হয়েছে। ঠিক সেই সময়ে আমরা কঠিন সময়ের মুখোমুখি হয়েছি। যা স্বাধীন মত প্রকাশ ও স্বাধীন সাংবাদিকতার ওপর শুধু হুমকিই নয়, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা হরণের নয়া কৌশল।
গত ১২ জুলাই নিজ বাড়ির সামনে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার শিকার হন দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা। পরদিনের দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় ‘যুবদল নেতা মাহবুব শিবিরের টার্গেট ক্লিনিংয়ের শিকার!’ শিরোনামে একটি সংবাদ স্থানীয়দের তথ্য উপাত্তের ভিত্তিতে প্রকাশিত হয়।
আর সংবাদটি যেন দৈনিক খুলনাঞ্চল পরিবারের জন্য কাল হয়েছে। সংবাদ প্রকাশের পর ১৩ জুলাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান প্রেরিত ‘দৈনিক খুলনাঞ্চল প্রকাশিত সংবাদের প্রতিবাদ শিবিরের’ পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদ নীতিমালা অনুযায়ী বিষয়টি এখানেই শেষ হতে পারতো। কিন্তু সব পথ মারিয়ে পাল্টা ‘সাইবার’ হামলার শিকার হচ্ছেন ‘দৈনিক খুলনাঞ্চল’ সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান ও খুলনাঞ্চল পরিবার। অপরিচিত মোবাইল নম্বর থেকে হুমকি-ধমকির পাশাপাশি, ফেসবুক, ইউটিউবসহ নামে-বেনামে বিভিন্ন আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের অপপ্রচার, হুমকি প্রদর্শনসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। বিগত সময়ে সম্পাদক ও খুলনা সংবাদপত্র পরিষদের নেতা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, মন্ত্রী, এমপিদের সঙ্গে থাকা ছবি-ভিডিও ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছে। কোন দল বা মতের সাথে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভিন্নমত থাকবে- এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু সেই মত প্রকাশ স্তব্ধ করার চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাশিত নয়।
প্রকাশিত ওই সংবাদে সকল বক্তব্য ও ডকুমেন্ট খুলনাঞ্চলের সংরক্ষণে রয়েছে। সুত্র ও তথ্যদাতার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত সাংবাদিকতার অন্যতম নীতি বলে খুলনাঞ্চল পত্রিকা মনে করে। কোন অবস্থায়ই আমরা ওই তথ্যের উৎস প্রকাশ করতে চাই না। বরং দৃঢ়তার সঙ্গে বলতে চাই- প্রকাশিত প্রতিবেদনে কোনভাবেই পত্রিকা বা প্রতিবেদকের কোন ব্যক্তিগত অভিমতের প্রতিফলন ঘটানো বা উপস্থাপিত হয়নি।
দৈনিক খুলনাঞ্চল পত্রিকা তার সময়কালীন দীর্ঘ এক দশকে পত্রিকার অগণিত পাঠককে বঞ্চিত করে বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। পত্রিকাটি বন্ধ করে দেওয়ার নানা ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু কখনো খুলনাঞ্চল পত্রিকাটি সত্য ও ন্যায়ের কাছে মাথা নত করেনি। দু:খজনক হলেও সত্যি এই সময়ে প্রভাবশালী ক্ষমতাসীন রাজনৈতিক দল, আমলা, মাদক কারবারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে অগণিত সংবাদ প্রকাশ পেলেও এমন ধরণের হুমকি, অপপ্রচার, কণ্ঠরোধ করার মতো অপচেষ্টার শিকার হয়নি।
পত্রিকাটি জন্মলগ্ন থেকে বাংলাদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থেকেছে। একই সঙ্গে সাম্প্রদায়িকতা, দুর্নীতি, মাদক কারবার, অনিয়ম, সকল প্রকার নির্যাতন-নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে। দীর্ঘ ফ্যাসিজমমুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে একটি সংবাদকে কেন্দ্র করে এ ধরণের আক্রমন ও হুমকি বোধকরি সাধারণ মানুষের ‘মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে’র প্রত্যাশাকে ভুলুণ্ঠিত করছে। প্রশ্নবিদ্ধ হচ্ছে ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে। বর্তমান অন্তর্বতী সরকার যখন গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক অধিকার নিশ্চিতে কমিশন গঠন এবং সুপারিশমালা প্রণয়ন করেছে, তখন এমন ঘটনায় আমরা শঙ্কিত। আমরা উদ্বীগ্ন। আমরা এই চাইনা, বার বার এমন শঙ্কা ও উদ্বেগের ঘটনা ঘটুক। হিংসা, বিদ্বেষহীন হোক রাজনীতি, রাজনীতি হোক মানুষের জন্য।