Home Lead নর্থ-ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়: আলোতে আসেনি অর্থ আত্মসাতের তদন্ত রিপোর্ট

নর্থ-ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়: আলোতে আসেনি অর্থ আত্মসাতের তদন্ত রিপোর্ট

70


সৈয়দ রানা কবীর
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অবৈধভাবে অর্থ আত্মসাতের এক অভয়ারাণ্যে পরিণত হয়েছে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। অভিযোগ উঠেছে, চার ব্যক্তি কৌশলে বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাতের চেস্টায় লিপ্ত রয়েছেন। ট্রাস্ট এ্যাক্ট লঙ্ঘন করার অভিযোগ রয়েছে কয়েকজন ট্রাস্টির বিরুদ্ধে। তিন ট্রাস্টি সদস্য’র দুর্নীতির তদন্ত চলমান রয়েছে দুদক ও ইউজিসিতে। তবে অভিযুক্তরা তদন্ত প্রভাবিত করতে চেষ্টা করছেন।
বিশ্ববিদ্যালয়ের সূত্র বলেছে, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে ১৮ জন সদস্য থাকলেও সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে মূখ্য ভূমিকা রাখতেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খুলনার সাবেক পলাতক মেয়র তালুকদার আব্দুল খালেক। তার সহযোগী হিসেবে ছিলেন সাবেক পলাতক এমপি এস এম কামাল হোসেন, শিক্ষা ব্যবসায়ী হিসেবে পরিচিত সিরাজুল হক চৌধুরী, দুর্নীতি পরায়ন ঠিকাদার তৌহিদুল ইসলাম আজাদ, কম্পিউটার ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ ও পবিত্র কুমার সরকার। তাদের দাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীরা সব সময় ভীত সন্ত্রস্ত থাকতেন। ২০১৮ ও ২০২৩ সালে খুলনা সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে এই ইউনিভার্সিটি থেকে চলতো নির্বাচনের সকল কর্মকান্ড পরিচালনা। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় তহবিল থেকে অর্থ ব্যয়ের অভিযোগ রয়েছে বিস্তর। সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক পালিয়ে যাওয়ার পর ট্রাস্ট এ্যাক্ট এর ৪০৫ ধারায় পরবর্তীতে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হন সিরাজুল হক। আর তার সহযোগী ছিলেন তৌহিদুল ইসলাম আজাদ, সৈয়দ ওবায়দুল্লাহ ও পবিত্র কুমার সরকার। তবে তাদের বিরুদ্ধে ট্রাস্টিবোর্ডের আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ওই ব্যক্তিরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের অর্থ-সম্পদের তছরূপ করেছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিশ্ববিদ্যারয় মঞ্জুরি কমিশন (ইউজিসিতে) অভিযোগ দায়ের হয়েছে। বর্তমানে অভিযোগগুলোর তদন্ত চলমান রয়েছে। কিন্তু তারা কয়েক দফা তদন্ত কাজ প্রভাবিত করছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা নাম প্রকাশ করে জানান, সিরাজুল হক পতিত সরকারের সুবিধাভোগী হিসেবে বেশ সুপরিচিত। তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারের ছত্রছায়ায় অতীশ দীপংকর বিশ্ববিদ্যালয়ের ও ট্রাস্টি হিসেবে ছিলেন। এই সিরাজুল হকের নেতৃত্বে এখনো কয়েকজন নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে। ২০২৪ সালের ১৯ নভেম্বর তিন ট্রাস্টি যথাক্রমে তৌহিদুল ইসলাম আজাদ, সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ ও পবিত্র কুমার সরকারের বিরুদ্ধে গণঅভ্যুথ্যানে শিক্ষক- শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র, সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নৌকা প্রতিকের প্রচারণায় বাধ্য করা হয়। এছাড়া জমি ক্রয়ে অর্থ আত্মসাত, অবৈধ নিয়োগে অর্থ বাণিজ্যসহ নানান অভিযোগ রয়েছে। এমন কী ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সিরাজুল হক থাকাকালে তাঁর স্বাক্ষরিত এক বার্তায় উল্লেখিত তিন ট্রাস্টি তৌহিদুল ইসলাম আজাদ, সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ ও পবিত্র কুমার সরকারকে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। একই সময়ে তৎকালীন উপাচার্যকে তদন্ত কমিটির আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্ত তৌহিদুল ইসলাম আজাদ, পবিত্র কুমার সরকার, সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিলে সকল দুর্নীতির প্রমাণ ধামাচাপা দিতে উঠে পড়ে লেগে পড়েন। কিন্ত শিক্ষার্থীদের চাপে তা সম্ভব হয়নি।
সুত্র জানায়, ট্রাস্ট এ্যাক্ট লংঘন করে বিশ্ববিদ্যালয়ের অর্থ কুক্ষিগত করতে স্থায়ী ক্যম্পাস নির্মানে বাধা প্রদান, নিজ স্ত্রী কে পাবলিক হেলথ ফ্যাকাল্টির ডীন হিসেবে নিয়োগ দিয়েছিলেন সিরাজুল হক। কিন্ত সিরাজুল হকের স্ত্রী দীর্ঘদিন লন্ডনে বসবাস করেও তিনি তার বেতন ভাতা উত্তলোন করতেন নিয়মিত। সিরাজুল হক বিশ্ববিদ্যালয় থেকেও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক হিসেবে মাসিক টাকা উত্তোলন করেছেন।
সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: মিজানুর রহমান। তিনি বলেন, খুব দ্রুত স্থায়ী ক্যম্পাস নির্মাণের কাজ শুরু করা হবে। দুর্নীতিগ্রস্ত ট্রাস্টিদের বিচারের ব্যাপারে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু স্বৈরাচারের দোসররা মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়ে শিক্ষার্থীদের অস্থিতিশীল করার চেস্টা চালাচ্ছে। তাদের সনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এই কর্মকর্তা শিগগিরই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন।
এ ব্যাপারে সিরাজুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় তবে তিনি কল রিসিভ করেন নি।