উপকৃত হবেন প্রায় ২৩ সহস্রাধিক জেলে >> নিরাপদ নৌ রুট >> ৬ ঘন্টা সময় ও অর্ধশত লিটার জ্বালানি সাশ্রয় হবে>> বাড়বে মৎস্য আহরণ, দুযোর্গে জেলের নিরাপত্তা
স্টাফ রিপোর্টার।।
বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ আহরণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘ নদী শিবসা, নলিয়ান দিয়ে দুবলার চরে যেতে চান খুলনা অঞ্চলের সমুদ্রগামী জেলেরা। নিরাপদ এ পথ যেমন নিরাপদ, তেমনি সময়, অর্থ, জ্বালানি সাশ্রয় হবে। এছাড়া জলবায়ূ পরিবর্তনের ফলে আকষ্মিক দুর্যোগ থেকে সহজেই সম্পদ ও জীবন রক্ষা হবে। খুলনার উপকূলীয় এলাকার জেলে পল্লী ঘুরে ও তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
এ পথে সাগরে যেতে তারা নানাভাবে হয়রানি, চাঁদাবাজির শিকার হন। তাই শিবসা-নলিয়ান নৌপথ চালু হলে হাজার হাজার জেলে উপকৃত হবেন। একই সঙ্গে মাছ আহরণ ও সরবরাহ বাড়বে।
অপরদিকে বন বিভাগ বলেছে, মন্ত্রণালয়ে এ বিষয়ে তাদের অভিমত জানানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি মিললে জেলেরা এ পথ ব্যবহার করতে পারবেন।
খুলনা বিভাগীয় মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, খুলনা জেলার ৯টি উপজেলা এলাকায় নিবন্ধিত জেলে রয়েছেন ৪৮ হাজার ২৭ জন। এর মধ্যে সমুদ্রগামী জেলে ২৩ হাজার ৭৭ জন। জেলার বটিয়াঘাটায় সমুদ্রগামী জেলে দুই হাজার ৪৯, দাকোপে পাঁচ হাজার ৯৭, পাইকগাছায় সমুদ্রগামী জেলে এক হাজার ৯৫০, কয়রায় ১৩ হাজার ৮৫, ডুমুরিয়ায় ৬৬৫, দিঘলিয়ায় ৬ জন ও রূপসা উপজেলায় সমুদ্রগামী জেলে ২২৫ জন। আবার সাতক্ষীরার তালা, আশাশুনি ও শ্যামনগর উপজেলায় নিবন্ধিত সমুদ্রগামী জেলের সংখ্যা ১৫ হাজার জন। প্রতি বছর এসব জেলেরা দেশের অন্যতম ব্যস্ত নৌরুট পশুর-চালনা,মোংলা-দুবলনার চর ব্যবহার করেন। এদের তাদের প্রতিযাত্রায় সময় লাগে প্রায় দুইদিন। ছোট ছোট ট্রলারে এ রুটে যেমন জেলেরা ঝুঁকিপূর্ণ থাকেন, তেমনি এক চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন। অথচ পাইকগাছা-শিবসা-নলিয়ান রুট ব্যবহার করে জেলেদের সাগরে যেতে সময় লাগে ৬ঘন্টা।
পাইকগাছা হিতামপুর জেলেপল্লীর অসীম বিশ্বাস, প্রকাশ বিশ্বাসসহ অন্যরা জানান, মোংলা-পশুর রুট ব্যবহার করে তারা জিম্মি হয়ে পড়েছে। এমনিতে ব্যস্ত পথ। আবার ওই এলাকার সিণ্ডিকেট দিনে-দুপুরে হানা দেয়। ওদের কোন দয়া নেই। দুবলায় যেতে ট্রলারে ১০০ লিটার তেল লাগে। এই থেকে মুক্তি চান।
মাহমুদকাঠির শংকর বিশ্বাস, হিতামপুরের প্রদীপ বিশ্বাস বলেন, এখন ঘন ঘন দুর্যোগ হচ্ছে। শিবসা-নলিয়ান নৌরুট চালু থাকলে জেলেরা দ্রুত নিরাপদে ফিরতে পাববে। তেল খবরও কমবে। দ্রুত মাছ ধরে ডাঙায় আসা যাবে ও বেশী বেশী মাছ ধরা যাবে। মৎস্য সম্পদের কথা বিবেচনা করে সরকারের উচিত শুধু জেলেদের জন্য এই পথ খুলে দেওয়া। এতে সাতক্ষীরা ও খুলনার জেলেরা উপকৃত হবেন।
সমুদ্রগামী জেলে সঞ্জয় বিশ্বাস বলেন, দিন দিন মাছ কমছে। একটি নৌকায় ১৫দিনে এক থেকে দেড় লাখ টাকা খবর। ঋণ করে জীবন হাতে নিয়ে সাগরে যেতে হয়। সমুদ্রগামী জেলেরা গভীর সাগরে মাছ ধরে। তারা সুন্দরবনের ক্ষতিও করবে না। আগে ডাল-পালা কাটলেও এখন সবাই গ্যাস ব্যবহার করেন। তাই সুন্দরবনের ক্ষতির আশঙ্কা নাই।
জেলেদের সমস্যা সমাধানে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান অওসেড’র নির্বাহী পরিচালক শামীম আরেফিন বলেন, জেলেরা রাজস্ব দেন, দেশের মানুষের জন্য আমিষ জোগান দেন। কিন্তু জেলেদের চাহিদা পূরণ হচ্ছে না। খুলনা অঞ্চলের জেলেদের দুবলার চরে যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে শিবসা খুলে দেওয়ার দাবি পুরোনো। কিন্তু জনবল সংকট ও নিরাপত্তাহীনতার কারণে বন বিভাগের অনুমতি পান না জেলেরা। এখন সুন্দরবন দস্যুও কমেছে। বনে আধুনিক স্মার্ট পেট্রোল টিম রয়েছে। কোস্টগার্ড রয়েছে। কাজেই শিবসা জেলেদের জন্য খুলে দেওয়ার অনুরোধ করবো।
সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জ্ডে এম হাছানুর রহমান বলেন, ‘আমরা শিবসা নদীর পথ খুলে দেওয়ার জন্য মন্ত্রণালয়ে দুটি আবেদন দেওয়া হয়েছিল। সুন্দরবনের ওই এলাকাটি অভয়ারন্য। মন্ত্রণালয়ের নির্দেশে আমরা আমাদের মতামত জানিয়েছি। মন্ত্রণালয় জেলেদের জন্য এ পথটি (রুট) বিষয়ে যে নির্দেশ দেবে আমরা যে অনুযায়ী পদক্ষেপ নেবো।’











































