স্টাফ রিপোর্টার।।
খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার জুম্মার নামাজের আগে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় ঘটনাটি ঘটে। বর্তমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছে।

নিহত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো: আব্দুল করিম মোল্লার ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী যুবদলের ওই নেতার মৃত্যু নিশ্চিত করে বলেন, দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিস্কার করছিলেন। এ সময়ে হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার দু’পায়ের রগ কেটে দেয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আমরা ৪টি খালি গুলির খোসা উদ্ধার করেছি। তার শরীরের কোন কোন অংশ গুলিবিদ্ধ হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। ঘটনাস্থল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।


খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে আসা তিনজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। তাঁরা মাহবুবুর রহমানের ওপর এলোপাতাড়ি গুলি করেন। আমরা ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা পেয়েছি। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য রগও কেটে দেওয়া হয়েছে।’
তাজুল ইসলাম আরও বলেন, ‘এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন, এমন সন্দেহভাজন ব্যক্তিদের নাম আমরা পেয়েছি। আমরা যাচাই–বাছাই করছি।’
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়ায় দৌলতপুর থানা যুবদল নেতা মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিলো তবে তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন।। আর এ নিয়ে খুলনায় গত ১০ মাসে ২৭টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।











































