Home স্বাস্থ্য হেপাটাইটিস-বি সম্পর্কে জানুন এবং নিজে সচেতন হোন

হেপাটাইটিস-বি সম্পর্কে জানুন এবং নিজে সচেতন হোন

6


ডা. মোহাম্মাদ আবদুল্লা আল ফারুক।।

বর্তমান যুগে স্বাস্থ্যসচেতন মানুষদের জন্য হেপাটাইটিস-বি একটি আতঙ্কের নাম। এটি এমন একটি ভাইরাসজনিত রোগ, যা লিভার বা যকৃতে সংক্রমণ ঘটায় এবং ধীরে ধীরে মারাত্মক পরিণতির দিকে ঠেলে দেয়। প্রাথমিক পর্যায়ে এই রোগের কোনো উপসর্গ না থাকায় একে ‘নীরব ঘাতক’বলা হয়ে থাকে।


হেপাটাইটিস-বি কী : হেপাটাইটিস-বি ভাইরাস (ঐইঠ) দ্বারা সৃষ্টি একটি সংক্রামক রোগ, যা মূলত রক্ত, বীর্য এবং শরীরের অন্যান্য তরলের মাধ্যমে ছড়ায়। এটি লিভারের কোষ ধ্বংস করে ফেলে এবং সময়ের সঙ্গে সঙ্গে সিরোসিস (যকৃতের ক্ষয়) বা লিভার ক্যানসারে পরিণত হতে পারে।

সংক্রমণের কারণ : অসুরক্ষিত যৌন সম্পর্ক, আক্রান্ত ব্যক্তির রক্ত বা শরীরের তরলের সংস্পর্শে আসা, একাধিকবার ব্যবহৃত ইনজেকশন বা সুঁচ ব্যবহার, জন্মের সময় মা থেকে সন্তানে সংক্রমণ, অসাবধানতাবশত রক্তদানের মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়ে।

লক্ষণ : হেপাটাইটিস-বি আক্রান্ত অনেকেরই শুরুতে কোনো উপসর্গ থাকে না। তবে কারও কারও মধ্যে যেসব লক্ষণ দেখা দিয়ে থাকে তা হলো ক্লান্তি, বমি ভাব। পেটের ডান দিকে ব্যথা। চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)। মল ও প্রস্রাবের রঙের পরিবর্তন ইত্যাদি।

প্রতিরোধই সর্বোত্তম উপায় : ভাগ্যক্রমে, হেপাটাইটিস-বি প্রতিরোধযোগ্য একটি রোগ। জন্মের পর নবজাতকের জন্য টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনও টিকা নেননি, তাদেরও তা নেওয়া উচিত। একইসঙ্গে যে বিষয়গুলো মেনে চলা জরুরি তা হলোÑ রক্ত ও রক্তজাত পণ্য ব্যবহারে সতর্ক থাকা। নিরাপদ যৌন আচরণ। ইনেজকশন বা সার্জিক্যাল যন্ত্রপাতি ব্যবহারে সাবধান থাকতে হবে। পার্লার বা সেলুনে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত করতে হবে।

জনসচেতনতাই রক্ষা করতে পারে জীবন

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি ১০০ জনে চারজন মানুষ এই ভাইরাসে আক্রান্ত। অধিকাংশই তা জানতে পারেন না, যতক্ষণ না তা জটিল আকার ধারণ করে। তাই প্রয়োজন ব্যাপক সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং টিকাদানের প্রসার একটি সাধারণ টিকা এবং সচেতন আচরণ আমাদের রক্ষা করতে পারে এই নীরব ঘাতক থেকে। আসুন, আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি।

লেখক : সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান

হেপাটোলজি (লিভার) বিভাগ

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা

চেম্বার : আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা

হটলাইন : ১০৬৭২