স্টাফ রিপোর্টার।।
সিটি করপোরেশন ও সড়ক বিভাগের সমন্বয়হীনতায় বন্ধ রয়েছে খুলনার গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করা ও সৌন্দর্য বর্ধন কাজ। ফলে খুঁড়ে ফেলে রাখা সড়কে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনসহ পথচারীদের।
সরেজমিনে নগরীর গুরুত্বপূর্ণ পিটিআই মোড়ে দেখা যায়, দুই মাস ধরে ঢালাইয়ের অপেক্ষায় পড়ে রয়েছে নির্মিতব্য ফুটওভার ব্রিজের সংযোগ ফুটপাত। জং ধরে গেছে রডে। সড়কের এক অংশ খুঁড়ে ফেলে রাখায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে সড়ক ব্যবহারকারীদের। নাগরিক নেতারা বলছেন, দুই বিভাগের সমন্বয়হীনতার খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে।
এ বিষয়ে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, পরিকল্পনা যখন করা হয় তখন সংস্থাগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে না করাতে পরে বিপত্তি বাঁধে। খুলনার একাধিক প্রকল্পে এমন চিত্র আমরা দেখতে পাই। যার খেসারত দিতে হয় সাধারণ মানুষদের।
মূলত সিটি করপোরেশনের শুরু করা কাজ মাঝপথে থেমে গেছে সড়ক বিভাগের আপত্তিতে। একই সঙ্গে নকশা জটিলতাসহ বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে ৬টি মোড়ের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। সড়ক খুঁড়ে বিভিন্নস্থানে ইট, বালু, খোয়া ফেলে রাখায় দুর্ভোগ বেড়েছে কয়েকগুন।
সড়ক বিভাগের আপত্তির কথা স্বীকার করে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে কাজ শেষ করার উদ্যোগের কথা জানান খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। তিনি বলেন, পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে কাজ শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়কে যানবাহনের চাপ ও আশপাশের অবস্থা বিবেচনায় নিয়ে মোড়গুলোর নকশা প্রণয়নের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের ‘রিসার্চ অ্যান্ড ডিজাইন কনসালট্যান্সি ইউনিটকে (আরডিসিইউ) দায়িত্ব দেয়া হয়। তারা ২০২৩ সালে নকশা জমা দেয়।
প্রকল্পের আওতায় মোড়গুলো সম্প্রসারণ এবং দৃষ্টিনন্দন করা, নগরীর পিটিআই মোড়ে একটি ফুট ওভারব্রিজ, বেশ কিছু মোড়ে ফোয়ারা নির্মাণ, নতুন ফুটপাত, সড়ক বিভাজক, জেব্রা ক্রসিং, বসার জায়গা ও আধুনিক সড়ক বাতি স্থাপনের কথা ছিল। প্রকল্পের আওতায় ২২টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি ৪৫ লাখ টাকা।










































