Home Lead স্বস্তিতে বিএনপি নেতাকর্মীরা

স্বস্তিতে বিএনপি নেতাকর্মীরা

104


আসাদুজ্জামান ইমন, ঢাকা
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল বিএনপির মধ্যে। নির্বাচন ঘিরে নানা মহল থেকে ষড়যন্ত্রের নানা তত্ত্বও হাজির করা হচ্ছিল। এ ছাড়া উপদেষ্টা পরিষদের কারও কারও বক্তব্যে আশঙ্কা ও অনিশ্চয়তা দেখতে পাচ্ছিলেন দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দলটির নেতাকর্মীরা। সভা-সেমিনার, মানববন্ধন, সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সেই আশঙ্কা প্রকাশের পাশাপাশি সরকারের কঠোর সমালোচনাও শুরু করেন তারা। নির্বাচনের দাবিতে রাজপথেও নামার প্রস্তুতি নিচ্ছিল দলটি। তবে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর অনিশ্চয়তার সেই মেঘ কেটে গেছে বলে মনে করছে বিএনপি। নতুন সংকট তৈরি হওয়ার কোনো সুযোগও দিতে চায় না দলটি। বৈঠকের পর দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করছেন। তারা বলছেন, ৫ আগস্টের পর যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা আপাতত কেটেছে। দেশে গণতান্ত্রিক যাত্রার দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে। এই বৈঠকটি গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা রাখবে।
এদিকে লন্ডনে দেড় ঘণ্টার বৈঠকে আলোচনার বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি। বিশেষ করে বৈঠকের এজেন্ডা ও আলোচনার বিষয়বস্তু নিয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি কোনো পক্ষ থেকেই। দলীয় সূত্র জানায়, বৈঠকের বিষয়বস্তু আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি তথা পদক্ষেপের মাধ্যমে জনমনে দৃশ্যমান হবে। খুব শিগগিরই এই বিষয়ে দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন তারেক রহমান। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই ভোটের প্রস্তুতিসহ জনগণের কাছে যাওয়ার কর্মসূচি গ্রহণ করবেন তিনি।
নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্তমানে বিএনপি ধৈর্য ধরেই সামনের দিকে এগোতে চায়। কারণ প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুইজন তাদের আস্থা ধরে রেখেছেন। সেখানে নতুন সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ কেউই দিতে চায় না। এজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু উদ্যোগ বা পদক্ষেপ নেবেন শিগগিরই। গত শুক্রবার লন্ডনে অন্তর্র্বতী সরকারপ্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। তারা দেড় ঘণ্টারও বেশি সময় একান্তে আলাপ করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈঠকের আলোচনায় তারা সন্তুষ্ট হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারপ্রধানের কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াও এ সময়ে নির্বাচনের পক্ষে বলে জানানো হয়। বিএনপির এ প্রস্তাবের জবাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বৈঠকের পর আমরা ভালো কিছু আশা করছি। কারণ এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। কারণ এই সময়ে এইচএসসি পরীক্ষা, ঝড়বৃষ্টি ও তীব্র গরম থাকে। এই কারণেই হয়তো ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আলোচনা হয়েছে, তারা একমত হয়েছেন। তবে এখনও বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারিনি।

লন্ডন বৈঠকের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, জনগণের মধ্যে একটা আস্থা ফিরে আসছে। এতে রাজনীতির অচলাবস্থা ও উত্তাপ নিরসন হবে। প্রকৃতপক্ষে অন্তর্র্বতী সরকারের বিরুদ্ধে যাওয়ার আমাদের কোনো ইচ্ছা ছিল না, আমরা কোনো আন্দোলনেও যাইনি। আমরা আশাবাদী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সবার মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা ছিল। বৈঠকের পর সবার মধ্যে একটি স্বস্তি ফিরে আসছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের দিকে যাওয়া। কিছু মতভেদ, কথাবার্তা কৌশলী ছিল, আছে। বৈঠকে নির্বাচনের জন্য ফেব্রুয়ারি মাসের কথা বলা হয়েছে। এটা উপযুক্ত সময়। এখন নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া দরকার। এই পরিবেশ পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়ার জন্য দেশবাসী, সকল রাজনৈতিক দল, বিভিন্ন মহলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, আমরা গত ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, লড়াই করছি। আমার অসংখ্য ভাই জীবন দিয়েছে। জুলাই আন্দোলনে বিএনপির শত শত নেতাকর্মী ও ছাত্র-জনতাকে হত্যা করেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। গত ১৭ বছরের যুদ্ধ-সংগ্রাম একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচনের জন্য ৫ আগস্টের পর অন্তর্র্বতী সরকার দায়িত্ব নিয়েছে। তাদের আমরা সমর্থন দিয়েছি, দেশবাসী সমর্থন দিয়েছে। প্রথম দিন থেকেই আমাদের চাওয়া ছিল দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের। সেই নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। নানাভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। সেই পরিস্থিতিতে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠককে সারা দেশের মানুষ সাধুবাদ জানিয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকটি বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এক উচ্চমাত্রায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, লন্ডনের এই বৈঠক বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল। এবং এই বৈঠক স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এই মিটিং বাংলাদেশের মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে উৎসাহিত করেছে, আনন্দিত করেছে যেÑ আগামীতে গণতন্ত্র সঠিক পথে এগিয়ে যাবে। দুদু বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পূর্ণতা পাবে। গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হচ্ছেÑ একটি নির্বাচিত সরকার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। গত ১৫ বছর দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থী ও পছন্দের মার্কায় ভোট দিতে পারেনি।

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিল বিভিন্নভাবে। সবকিছু যে একটা অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে জাতিকে আবার সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন দুই নেতা। এখন প্রয়োজন অতীতের কথা ভুলে গিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণ করা। বিগত ১৫ বছরে ‘ফ্যাসিস্টদের’ করা ধ্বংসস্তূপকে গণতান্ত্রিক কাঠামোতে রূপান্তরিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।