Home খেলাধুলা যে কারণে স্থগিত হয়েছিল অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচন

যে কারণে স্থগিত হয়েছিল অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচন

14


স্পোর্টস ডেস্ক

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে লর্ডসে জমকালো আয়োজনে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচনের কথা ছিল। তবে প্রতীক্ষিত সেই আয়োজন হয়নি নির্ধারিত দিনে। প্রথমে ধারণা করা হচ্ছিল, ম্যাচ আগেভাগে শেষ হয়ে যাওয়ায় অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

কিন্তু পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রিকবাজ-কে নিশ্চিত করেছেন, সম্প্রতি আহমেদাবাদে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা করে নতুন তারিখে আয়োজনটি করা হবে বলে জানানো হয়েছে।

লর্ডসে অনুষ্ঠিত ফাইনালটি শেষ হয়ে গেছে চতুর্থ দিনের প্রথম সেশনেই। ফেভারিট অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা। ২৭ বছর পর আইসিসির কোনো ট্রফি জয় করায় প্রোটিয়াদের আবেগ ছুঁয়ে যায় পুরো ক্রিকেট বিশ্বকে।

আগামী শুক্রবার হেডিংলিতে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ এতদিন পরিচিত ছিল পাতৌদি ট্রফি নামে—ইংল্যান্ড ও ভারতের হয়ে খেলা ইফতিখার আলি খান পাতৌদি এবং তার ছেলে, ভারতের সাবেক অধিনায়ক মানসুর আলি খান পাতৌদির নামে এই ট্রফির নামকরণ করা হয়েছিল।

তবে এবারের সিরিজ থেকে নতুনভাবে নামকরণ করা হয়েছে টেস্ট ইতিহাসের দুই কিংবদন্তির নামে—জেমস অ্যান্ডারসন ও শচীন টেন্ডুলকার। এই পরিবর্তন নিয়ে ভারতের ক্রিকেট মহল ও পাতৌদি পরিবারের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দেয়।

পাতৌদির নাম সম্পূর্ণভাবে বাদ দেওয়ার বিষয়ে যখন আলোচনা চলছিল, তখন স্বয়ং শচীন টেন্ডুলকার দুই দেশের বোর্ডের কর্তাব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতেই বিষয়টি নতুনভাবে ভাবা হয়। এমনকি আইসিসি চেয়ারম্যান জয় শাহ-ও এতে ভূমিকা রাখেন।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, বর্তমানে এমন একটি পরিকল্পনা রয়েছে যাতে পাতৌদি নামটি একেবারে মুছে না গিয়ে অন্য কোনোভাবে সম্মানজনকভাবে রাখা হয়। সম্ভাব্য বিকল্প হিসেবে সিরিজের বিজয়ী অধিনায়ককে ‘পাতৌদি পদক’ দেওয়ার চিন্তাভাবনা চলছে।

টেস্ট ইতিহাসের দুই মহাতারকার নামে নতুন ট্রফি শুরু হলেও, পূর্বসূরিদের সম্মান বজায় রাখতে পাতৌদি নামটিও থেকে যাচ্ছে।