Home খেলাধুলা বাংলাদেশ কোন মাঠে ও কাদের বিপক্ষে খেলবে

বাংলাদেশ কোন মাঠে ও কাদের বিপক্ষে খেলবে

10


স্পোর্টস ডেস্ক

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আট দলের এই রাউন্ড রবিন টুর্নামেন্টে বাংলাদেশের সাতটি ম্যাচ হবে ভারতের তিনটি ভেন্যু ও শ্রীলঙ্কার একটি মাঠে।

এই মাসের শুরুতে টুর্নামেন্টের উদ্বোধনী, নকআউট পর্বের সময়সূচি ও ভেন্যু জানালেও, সোমবার প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ ম্যাচ সূচি।

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ অক্টোবর, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৭ অক্টোবর গুয়াহাটিতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

পরবর্তী তিনটি ম্যাচ হবে ভিশাখাপত্তমে—

১০ অক্টোবর: নিউজিল্যান্ড

১৩ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা

১৬ অক্টোবর: অস্ট্রেলিয়া

২০ অক্টোবর আবার কলম্বোয় ফিরবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলংকা।

প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

ভেন্যু ও বিশেষ বিবরণ

বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের চারটি মাঠ এবং শ্রীলংকার আর প্রেমাদাসা স্টেডিয়ামে। পাকিস্তান দল তাদের প্রথম পর্বের সব ম্যাচ খেলবে কলম্বোতেই।

ভারতের ভেন্যুগুলো:

বেঙ্গালুরু – চিন্নাসোয়ামি স্টেডিয়াম

গুয়াহাটি – এসিএ স্টেডিয়াম

ইন্দোর – হলকার স্টেডিয়াম

ভিশাখাপত্তম – এসিএ–ভিডিসিএ স্টেডিয়াম

কলম্বোতে প্রথম পর্বের ১১টি ম্যাচ হবে, যার চারটি খেলবে স্বাগতিক শ্রীলংকা।

সূচির গুরুত্বপূর্ণ দিনগুলো

৩০ সেপ্টেম্বর: টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, ভারত বনাম শ্রীলঙ্কা (বেঙ্গালুরু)

১ অক্টোবর: অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ, বিপক্ষ নিউজিল্যান্ড (ইন্দোর)

৫ অক্টোবর: হাইভোল্টেজ ম্যাচ, ভারত বনাম পাকিস্তান (কলম্বো)

২৯ অক্টোবর: প্রথম সেমিফাইনাল (গুয়াহাটি বা কলম্বো)

৩০ অক্টোবর: দ্বিতীয় সেমিফাইনাল (বেঙ্গালুরু)

২ নভেম্বর: ফাইনাল (বেঙ্গালুরু বা কলম্বো, নির্ভর করবে পাকিস্তানের অবস্থানের ওপর)

যদি পাকিস্তান সেমি বা ফাইনালে উঠে, তবে ম্যাচগুলো হবে কলম্বোতে।

রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরপেক্ষ ভেন্যুর চুক্তি

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ বহু বছর ধরে। এই প্রেক্ষাপটে, আইসিসি ২০২৪–২০২৭ চক্রে সিদ্ধান্ত নেয়—পাকিস্তানে আয়োজিত কোনো আইসিসি টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। ভারতে আয়োজিত টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচগুলোও হবে নিরপেক্ষ মাঠে। পুরুষদের আগের চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতের ম্যাচ হয়েছিল দুবাইয়ে।

অংশগ্রহণকারী দল ও বাছাই

সরাসরি কোয়ালিফাই: ভারত (স্বাগতিক), অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা (আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপ ২০২২–২৫ এর শীর্ষ ৬ দল)

বাছাইপর্ব থেকে: বাংলাদেশ ও পাকিস্তান

প্রস্তুতি ম্যাচ

মূল বিশ্বকাপ শুরুর আগে ২৪ সেপ্টেম্বর থেকে প্রতিটি দল খেলবে দুটি করে প্রস্তুতি ম্যাচ। ভারতের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশিত হলেও অন্যদের সূচি এখনও ঘোষণা করেনি আইসিসি।