স্টাফ রিপোর্টার
নগরীর ৪৫নং মুসলমানপাড়াস্থ স্বামীর পৈত্রিক বাড়ী সন্ত্রাসী কর্তৃক জবর দখল প্রচেষ্টার অভিযোগ তুলেছেন বয়োবৃদ্ধা ফজিলাতুন নেছা (৯০)। এসব ঘটনায় থানায় একাধিকবার লিখিত অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে ওই স্বার্থন্বেষী সন্ত্রাসীরা তাকে হত্যার ষড়যন্ত্র করছে। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাও অন্যায়ভাবে তাদের পক্ষ নিচ্ছে। নিরুপায় হয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও কেএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।
গতকাল রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বছরখানেক আগে তার ছেলে পারভেজ আহমেদ পান্না মারা যাওয়ার পর তার স্ত্রী রুমানা খাতুন (৩৫) ও তালাকপ্রাপ্তা স্ত্রী ঈশিতা আকতার তুলি (৪০) ৪৫নং মুসলমানপাড়াস্থ বসতবাড়ি দখল করতে বিভিন্নভাবে চেষ্টা করছে। তিনি বাঁধা দেয়ায় তারা আমাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকে। জমি-জমা নিয়ে বিরোধ থাকায় ইতিপুর্বে এ বিষয়ে তার অপর ছেলে শেখ তফসির আহমেদ মিলন আদালতে মামলা দায়ের করে (যার নং ১১৬/২০০৩ দেওয়ানী)। যা বর্তমানে বিচারাধীন। আদালত তার বাড়িতে স্থিতি অবস্থা বজায় রাখতে আদেশ দেন। এ অবস্থায় গত ১০ জুন রাত ৮টার দিকে ওই নারীরা তাদের অজ্ঞাতনামা ১০-১৫ জন সন্ত্রাসী সহযোগী নিয়ে তার বাড়িতে আক্রমণ করে। এসময়ে ঘরের তালা ভেঙে বাড়ি দখলের চেষ্টা করে। তিনি বাঁধা দিলে ওইসব সন্ত্রাসীরা তার এবং তার পক্ষে আসা প্রতিবেশীদের প্রতি মারমুখী আচরণ করে। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারা বলতে থাকে- ‘এই বুড়িকে মারতে খুনির দায় নেয়া যাবে না। বুড়িকে এমনভাবে মারতে হবে যেনো মনে হয় স্বাভাবিকভাবেই মারা গেছে।’ এঘটনার পরদিন ১১ জুন খুলনা সদর থানায় হাজির হয়ে তিনি লিখিত অভিযোগ করেন (তদন্ত কর্মকর্তা এএসআই সৈয়দ আলী শেখ)। এরআগে ২৯ এপ্রিলও সাধারণ ডায়েরি করেছিলেন (তদন্ত কর্মকর্তা এএসআই বিবেকান্দ ঘোষ)। এসব ঘটনায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা অতিগোপনে অর্থের বিনিময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সভাপতি বেনজির আহমেদ বাচ্চুর ইন্দনে সন্ত্রাসীদের সহায়তায় ওই নারীদের পক্ষালম্বন করছে। এখন যে কোনো সময়ে তার ও তার পরিবারের সদস্যদের জান ও মালের অপুরণীয় ক্ষতির আশঙ্কায় ভুগছেন তিনি।











































