Home আঞ্চলিক ছয় মাস ধরে অচল মোরেলগঞ্জ খাদ্যগুদামের নৌ-ঘাট: স্থবির পণ্য পরিবহন

ছয় মাস ধরে অচল মোরেলগঞ্জ খাদ্যগুদামের নৌ-ঘাট: স্থবির পণ্য পরিবহন

12

মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার একমাত্র সরকারি খাদ্যগুদামের সঙ্গে সংযুক্ত নৌ-ঘাটটি দীর্ঘ ছয় মাস ধরে অচল হয়ে পড়ে রয়েছে। নদীতে পলি জমে নাব্যতা হ্রাস পাওয়ায় খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্যবাহী কার্গো জাহাজ ঘাটে ভিড়তে না পারায় স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঘাটটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় ড্রেজিং না হওয়ায় নদীর তলদেশে ব্যাপকভাবে পলি জমেছে। এর ফলে খাদ্যগুদামে মালামাল আনা-নেওয়া কার্যত বন্ধ হয়ে গেছে।
ঘাটটির বেহাল অবস্থার খোঁজ নিতে মঙ্গলবার বিকেলে সরেজমিন পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহ। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মণ্ডল, কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এরশাদ আলী। তাঁরা ঘাট এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ইউএনও মোঃ হাবিবুল্লাহ বলেন, “মোরেলগঞ্জ খাদ্যগুদাম এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে নৌপথে খাদ্যশস্য পরিবহন হয়ে থাকে। ঘাটটির অচলাবস্থার কারণে সরকারি খাদ্য বিতরণ এবং কৃষিপণ্য সংরক্ষণে ব্যাঘাত ঘটছে, যা সরাসরি কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে।” উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মণ্ডল জানান, “ঘাট সংস্কার ও নদী খননের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখনও কোনো বরাদ্দ পাওয়া যায়নি, ফলে কাজ শুরু করা সম্ভব হয়নি।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানান, ঘাটটি সচল না থাকায় তাঁদের পণ্য পরিবহনে সময় ও ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মৌসুমি ফসল চাল, ধান ও গম গুদামে পৌঁছাতে না পারায় তাঁদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণাঞ্চলের নদীগুলোতে পলি জমে নাব্যতা হারানো একটি সাধারণ সমস্যা হলেও, গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষেত্রে নিয়মিত ড্রেজিং অপরিহার্য। এই অবহেলা শুধু পণ্য পরিবহন নয়, সরকারের খাদ্য নিরাপত্তা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।সচেতন মহল মনে করেন, খাদ্য অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ঘাট সংস্কার এবং নদী খননের কাজ জরুরি ভিত্তিতে শুরু করা উচিত। তা না হলে এ অঞ্চলের খাদ্য সরবরাহ ব্যবস্থার পাশাপাশি কৃষি অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।মোরেলগঞ্জের এই নৌ-ঘাট শুধু একটি অবকাঠামো নয়, বরং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খাদ্য পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে সংকট আরও ঘনীভূত হবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।