Home Lead খুলনায় ট্যাংকলরি মালিক ফরহাদসহ গুলিবিদ্ধ ৩

খুলনায় ট্যাংকলরি মালিক ফরহাদসহ গুলিবিদ্ধ ৩

79

স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও খুলনা নগরীর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শেখ ফরহাদ হোসেনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর খালিশপুর যমুনা তেল ডিপো সড়কে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের ছোড়া শটগানের ছররা গুলি ফরহাদের কান ও ঘাড়ে, তার গাড়িচালক মনিরুল ইসলামের বাম হাতে এবং সহযোগী সোহেল রানার পিঠে বিদ্ধ হয়। তবে তারা আশংকামুক্ত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে ফরহাদ ব্যক্তিগত গাড়িতে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তেলের ব্যারেল নিয়ে আসা একটি পিকআপ তার গাড়ির গতিরোধ করে। এছাড়া মোটরসাইকেলে করেও কয়েকজন আসে। এরপর তারা ফরহাদের গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। কয়েকটি গুলি গাড়ির কাঁচ ভেদ করে তাদের গায়ে লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবুল বাশার মো. আতিকুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি ছররা গুলি শরীরে লাগলেও তারা আশংকামুক্ত। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।