কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় শিকলে বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পথচারীরা কয়রা সেতুর নিচে নদীর চরে মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, সেতুর নিচে বাঁশের খুঁটির সঙ্গে শিকলে বাঁধা অবস্থায় মরদেহ পড়ে ছিল। নৌ পুলিশের সহযোগিতায় সেটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন তার পরিচয় শনাক্ত করেন। নিহত আব্দুল মজিদ নারায়ণপুর গ্রামের মৃত মনজেল সানার ছেলে।
বৃদ্ধের ছেলে সাইদ সানা জানিয়েছেন, তাঁর বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই তিনি কাউকে না বলে বাড়ি থেকে চলে যেতেন। সোমবার রাতে বের হওয়ার পর আর ফেরেননি। সকালে জানতে পারেন, তাঁর বাবার মরদেহ পাওয়া গেছে।
কয়রা থানার ওসি এমদাদুল হক বলেন, মরদেহটি একটি বাঁশের খুঁটির সঙ্গে লোহার শিকলে তালা মারা অবস্থায় ছিল। এটি পরিকল্পিত হত্যা কিনা, খতিয়ে দেখা হচ্ছে।











































