স্পোর্টস ডেস্ক
কানাডায় ট্রাক চালান বাবা। সেখানে আরও থাকেন আত্মীয়-স্বজনদের আরও বড় একটি অংশ। ছেলেকে তাই কানাডায় নিয়ে যেতে চেয়েছিলেন বাবা। কানাডায় ক্রিকেট খেলার কথাও বলেছিলেন তিনি। তবে ছেলের জেদ, খেললে ভারতীয় দলেই খেলবেন। জেদ করে রয়ে যান ভারতেই। শেষমেশ জেদের ফলও পেলেন তিনি। জায়গা করে নেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। গুজরাটের এই তরুণ ক্রিকেটারের নাম হরবংশ সিং।
আসন্ন ইংল্যান্ড সফরে চেন্নাই সুপার কিংসে চমক দেখানো আয়ুশ মাহাত্রেকে অধিনায়ক করে দল ঘোষণা করে ভারত। যেই দলে জায়গা পান আইপিএলে ইতিহাস তৈরি করা বৈভব সূর্যবংশীও। সেই একই সফরে ডাক পান হরবংশ। মাসব্যাপী এই টুর্নামেন্টে পাঁচ ম্যাচের যুবা ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের লাল বলের সিরিজ খেলবে অনূর্ধ্ব-১৯ দল।
হরবংশের ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ার খবর যখন তার বাবা দামানদীপ সিং পান, তখন কানাডায় রাত ৩টা। সেই সময়ের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘১৫-১৬ ঘণ্টা ট্রাক চালানো পর ঘুমোচ্ছিলাম। মোবাইলের ভাইব্রেশনে সহজে ঘুম ভাঙেনি। অনেকে অভিনন্দন জানিয়ে মেসেজ পাঠিয়েছিলেন। খুব ভালো লাগছিল। ওকে কানাডায় আমার কাছে চলে আসতে বলেছিলাম। রাজি হয়নি। দেশে থেকে স্বপ্নপূরণ করতে চেয়েছিল। সে দিনের কথা খুব মনে পড়ছে।…ছোটবেলায় আমি আর আমার দাদা ক্রিকেট-পাগল ছিলাম। তবে আমাদের খেলাটা ছিল শখের।’
ছেলের ক্রিকেট শুরুর যাত্রা কেমন ছিল, সেটা জানাতে গিয়ে দামানদীপ বলেন, ‘আমাদের বাড়ি থেকে রাজকোট ২০০ কিলোমিটার দূর। কাছাকাছি ক্রিকেট শেখার কোনো জায়গা ছিল না। ২০১২ সালে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের শহরে অ্যাকাডেমি তৈরি করে। তখন হরবংশ ছয় বছরের। ওকে ভর্তি করে দিয়েছিলাম। ক্রিকেটের প্রাথমিক কিছু জিনিস দ্রুত শিখে ফেলেছিল। দেখলাম ওর আগ্রহ আমার মতোই উইকেট রক্ষায়। আমিও খারাপ ছিলাম না। তবে ছেলের ক্রিকেটে যুবরাজ সিংহের অনেকটা প্রভাব আছে।’
যুবরাজের প্রভাব কেমন ছিল সেই বর্ণনায় হরবংশের বাবা বলেন, ‘ও যুবরাজের ভক্ত। যুবরাজের খেলা দেখত। ওর মতো খেলার চেষ্টা করত। যুবরাজের ব্যাটিংয়ের ভিডিও দেখত। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছ’টা ছক্কা মারার ভিডিও।’
দামানদীপ কানাডায় যান ২০১৭ সালে। সেখানে মা, বড়ভাই-ভাবিদের সঙ্গে থাকেন তিনি। তবে ছেলের সঙ্গে রয়ে যান হরবংশের মা জাসপ্রীত কৌর। ছেলেকে সাধলেও কী কারণ দেখিয়ে কানাডায় যেতে চায়নি সেই গল্প শুনিয়ে দামানদীপ বলেন, ‘আমার মা, দাদা, দিদি সকলে আগেই পাকাপাকিভাবে কানাডায় চলে গিয়েছিল। আমারও একই পরিকল্পনা ছিল। কিন্তু হরবংশ দেশ ছাড়তে রাজি হয়নি। আমি এবং আমার স্ত্রী জসপ্রীত কৌর ওকে অনেক বোঝাই। কিন্তু হরবংশকে কোনও ভাবেই রাজি করাতে পারিনি আমরা। ও একটাই কথা বলত, ভারতের হয়ে খেলতে চাই।…আমরা তো বটেই, আমাদের অনেক আত্মীয়ও ওকে বুঝিয়েছিল। কানাডায় এলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আরও সহজ হতে পারে। কারণ এখানে প্রতিযোগিতা অনেক কম। কিন্তু কোনো কথাই সে শোনেনি।’
ছেলে ও স্ত্রীকে ছেড়ে ভালো লাগে না দামানদীপের। তারপরও থাকতে হচ্ছে। বিষয়টি নিয়ে হরবংশের বাবা বলেন, ‘কানাডায় আমাদের পরিবহণের ব্যবসা। প্রথমে অফিসে বসতাম। এখন আমাকেও ট্রাক চালাতে হয়। সপ্তাহে ছ’দিন রাস্তাতেই কেটে যায়। দিনে ১৫-১৬ ঘণ্টা গাড়ি চালাতে হয়। খুব ক্লান্ত থাকি সপ্তাহের শেষে। এখানে জীবন খুব পরিশ্রমের। খুব কষ্টের। তবে ছেলের ক্রমাগত উন্নতি সেই কষ্ট অনেকটাই কমিয়ে দেয়। মনে হয় কষ্টের দাম ঠিক পাওয়া যায়। ছেলে এখন বড় হয়েছে। আমাকে মাঝে মাঝেই বলে দেশে ফিরে যেতে। কিন্তু আমাকে এখনও খাটতে হবে। ছেলের ভবিষ্যতের জন্য টাকা জমাতে হবে। যদি ক্রিকেটটা মাঝ পথে থমকে যায়। পরে যদি তেমন কিছু করতে না পারে। সে জন্যই রোজগার করে চলেছি।’











































