Home খেলাধুলা টেস্ট ছেড়ে কোহলি এখন ‘সবচেয়ে সুখের সময়ে’ আছেন

টেস্ট ছেড়ে কোহলি এখন ‘সবচেয়ে সুখের সময়ে’ আছেন

11


স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির বর্তমান বয়স ৩৬। এই বয়সেও বিশ্বের সবচেয়ে ফিট ক্রিকেটারদের একজন তিনি। তবে কিছুদিন আগেই টেস্ট থেকে অবসর নিয়ে নেন ভারতের ক্রিকেট েইতিহাসের অন্যতম সেরা এই তারকা। আচমকা এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন অনেকেই। তবে টেস্ট ছেড়ে কোহলি এখন সবচেয়ে সুখের সময়ে আছে বলেই মনে করেন তার সাবেক সতীর্থ ও বর্তমানে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ দীনেশ কার্তিক।

কোহলির অবসরের সিদ্ধান্ত নিয়ে কার্তিকের ভাষ্য, ‘এটা অবশ্যই সবার জন্য একটা বড় ধাক্কা ছিল, তাই আমরা বিরাট (কোহলি) কী করছে তা লক্ষ্য করছি। সে এখন তার সবচেয়ে সুখের সময় পার করছে, সে খেলা উপভোগ করছে। সে সত্যিই তার পরিবারের সঙ্গে সময় কাটাতে চায়। এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা এটিকে সম্মান করি এবং অন্য সবার মতো, ‘‘ওহ, এটি হচ্ছে’’; এমন বলি না। কিন্তু বাস্তবতা হলো, আমরা যখনই তাকে খেলাতে চাই, তখন তাকে খুশি এবং প্রস্তুত দেখতে পারাটা দারুন। মূল কথা হলো তাকে ভালো মেজাজে রাখা।’

ভারতের হয়ে সাদা পোশাকে দুর্দান্ত সব কীর্তি গড়েছেন কোহলি। টেস্টে এই সংস্করণে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি। ৩০টি সেঞ্চুরির পাশাপাশি ৩১টি ফিফটি আছে তার। এই সংস্করণে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

ভারতীয় ক্রিকেটে যুগপরিবর্তনের ধারা চলছে। অস্ট্রেলিয়া সিরিজের সময়ই ক্রিকেটকে বিদায় জানান রবিচন্দ্রন অশ্বিন। এরপর টেস্টকে বিদায় বলে দেন রোহিত শর্মা। তারপরই কোহলিও একই পথে হাঁটেন। আসন্ন ইংল্যান্ড সিরিজে শুভমান গিলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ভারত।