ক্রীড়া প্রতিবেদক
লাল-সবুজের এই দেশে ফুটবল যেন ঘুমিয়ে গেছে। খুব ইচ্ছে করে লিখি, বেঁচে থাকার গল্প ও জনমানসের মনে জেগে ওঠা প্রজন্ম, ফুটবল যাদের চেতনায় ও অস্তিত্বে। একবারও কি ইচ্ছে জেগেছে আমাদের মনে- ইশ! আমাদের দেশ যদি বিশ্বকাপ খেলত? কখনো কি প্রশ্ন সৃষ্টি করেছে মনে- আমার দেশটি নেই কেন বিশ্ব আসরের এই মঞ্চে? জেগেছে ঠিকই। আবার হয়তো হতাশা এসে থামিয়ে দিয়েছে মনের সব ঝড়।
ফুটবলে বাংলাদেশের হাতেখড়ির গল্প দিয়ে এর উত্তর খোঁজা শুরু করি। স্বাধীন বাংলা ফুটবল টিম দিয়ে প্রথম শুরু হয়েছিল বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রা। জাকারিয়া পিন্টুর নেতৃত্বে কাজী সালাহউদ্দিন, অমলেশ সেনরা মাঠে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযোদ্ধাদের সহায়তা করার জন্য। প্রথম ম্যাচে ২-২ ড্রয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয় দলটি। এরপর ১৬টি প্রীতি ম্যাচ খেলে মুক্তিযোদ্ধা ফান্ডে ৫ লাখ টাকা জমা করে স্বাধীন বাংলা ফুটবল টিম। সেই থেকে শুরু। এরপর বাংলাদেশ জাতীয় ফুটবল দল গঠিত হয়েছিল ১৯৭২ সালে। তবে তখনো আন অফিসিয়ালি। এরপর ১৯৭৪ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেল এএফসি অনুমোদন লাভ করে ফিফার। এরপর ছিল কেবল উত্থান। তখন ইরান, উত্তর কোরিয়া, চীন, সিরিয়ার মতো দলের সঙ্গে টক্কর দিতো বাংলাদেশ ফুটবল। এছাড়াও তখন আবাহনী-মোহামেডানের দ্বৈরথের গল্প কে না জানে। শুধু এই ঢাকা ডার্বি দেখার জন্য পাড়ি দিত শত কিলোমিটার। অনলাইনে সেই সাদাকালো প্রিন্টের দর্শকভরা মাঠের ছবি নতুন প্রজন্ম দেখলে অবাক হওয়ারই কথা। তবে এরপর হুট করে ধীরে ধীরে দর্শক হারিয়ে যাচ্ছিল মাঠ থেকে। তবে নতুন জাগরণ হয়ে আসে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে গোল্ডকাপ জয়। সেই বছর মালদ্বীপকে পরাজিত করে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ। এরপর আবার মাঠের অসহায়ত্ব বাড়ে। দর্শক আর ফুটবল ঘুমিয়ে যায়। হারিয়ে যায় গন্তব্যহীন পথে। একের পর এক ব্যর্থতা আর নানা দুর্নীতির কবলে পড়ে হারিয়ে যেতে থাকে ফুটবল। শুরু হয় ক্রিকেটের জয়গান। আর এখন ক্রিকেটের জয়োৎসবের ছায়ায় পড়ে ফুটবল লুকিয়ে গেছে লজ্জার চাদরে।
এর পেছনে অনেক ব্যর্থতা রয়েছে। বাফুফের একের পর এক ভুল পদক্ষেপ রয়েছে। যা ফুটবলকে ভঙ্গুর করে ফেলছে প্রতিদিন। এর মাঝে হয়তো কিছু সফলতা আসে। তবে সেগুলো ফুটবলের উন্নতির পরিকল্পনা প্রসূত বলে মনে হয় না। ২০১৫ সালের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন, ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলার প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েও যতœ আর পরিচর্যার অভাবে হারিয়ে যাচ্ছে ফুটবল। তবুও আশা দেখিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালের ১২ জুন বিশ্বকাপ বাছাইপর্বে শক্তিশালী কাতারের বিপক্ষে ঐতিহাসিক জয়। ১৫ অক্টোবর ২০১৯ সালে সল্টলেকে ভারতের বিপক্ষে আধিপত্য বিস্তার করে ড্র। এসবে আশা জোগায় ফুটবলাররা।
১ম শেখ সালাউদ্দিন স্মৃতি অনুর্ধ্ব-১৪ একাডেমি কাপ ক্রিকেট টুর্ণামেন্ট
খুলনা ক্রিকেট একাডেমি-২ চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
লার্ন ক্রিকেট একাডেমি আয়োজিত ১ম শেখ সালাউদ্দিন স্মৃতি অনুর্ধ্ব-১৪ একাডেমি কাপ ক্রিকেট টুর্ণামেন্টে খুলনা ক্রিকেট একাডেমি-২ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তারা ৯১ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান ক্রিকেট একাডেমিকে।
গতকাল শুক্রবার নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় মোহামেডান ক্রিকেট একাডেমি বনাম খুলনা ক্রিকেট একাডেমি-২। টচে হেরে খুলনা ক্রিকেট একাডেমি-২ ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরমান ৫৪ ও ইমন ৫০ রান করেন। মোহামেডানের পক্ষে নিলয় একাই নেয় ৩ উইকেট। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় মোহামেডান ক্রিকেট একাডেমির ইনিংস। দলের তানভির একাই করেন ৪০ রান। খুলনা ক্রিকেট একাডেমির সামি ৫ উইকেট লাভ করেন। ফলে ৯১ রানের বড় জয় পায় খুলনা ক্রিকেট একাডেমি-২। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন সামি।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও ঢাউন কাবের সাধারণ সম্পাদক মো. সুজন আহমেদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ারস এন্ড স্কোরার্স এসোসিয়েশন খুলনা জেলার সভাপতি মো. মোরতুজা শেখ, খুলনা জেলা দলের সাবেক ক্রিকেটার কবির আহমেদ, খুলনা জেলা দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এস এম তরিকুল ইসলাম সোহান ও খুলনা জেলা দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার মো. মঈনুল ইসলাম শিমুল।
খুলনা ক্রিকেট একাডেমি-২ : আনোয়ার হোসেন মৃদুল, জিহাদ গাজী হাসিব, মোতালেব হোসেন তাইম, আমিনুর রহমান সাদিক, সাইমুন ইসলাম সামি, আরমান আলম, মুস্তাকিম, ইমন, নিহান মুন্সি ফাহিম, মেহের আলি, সিবাম বিশ্বাস, আব্দুল্লাহ, ফাহিম, বিক্রম, জিসান ও লামিম।
একাডেমি কাপ ক্রিকেট : তানভির, সাকিব, জুবায়ের, আফ্রিদি, মুস্তাইন, সংগ্রাম, জিসান, রাকিব, অর্নব, রহমান, নিলয়, তামিম, জুয়েল ও সিয়াম। খেলায় আম্পায়ার ছিলেন সোহরাব হোসেন ও জাহিদুল ইসলাম।
সরে দাঁড়ালেন বাদল রায়
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক ফুটবলার এবং বর্তমান সহ-সভাপতি বাদল রায়। এবারের নির্বাচনে বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানাতে সভাপতি পদে মনোনয়ন কিনেছিলেন বাদল রায়।
সাবেক এই ফুটবলার এবং ক্রীড়া সংগঠক সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেও তার মনোনয়ন প্রত্যাহার হয়নি বলে জানিয়েছে বাফুফে। মনোয়ন প্রত্যাহারের দিনে স্ত্রীকে পাঠিয়ে তা প্রত্যাহারের আবেদন করেন বাফুফের বর্তমান এ সহ-সভাপতি। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় বাদল রায়ের আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। আর সেই কারণে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন বাদল রায়। এইসময় তার পাশে ছিলেন তার স্ত্রী মাধুরী রায়। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, শারীরিক অসুস্থতা জনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চিন্তা করতে হয়েছে তাকে। মোহামেডান কাবে সংবাদ সম্মেলন করে জাতীয় দলের সাবেক এই ফুটবলার বলেন, ‘আমি দীর্ঘদিন বাফুফের সঙ্গে ছিলাম। ফুটবলের অনেক কিছুর সঙ্গেই জড়িত ছিলাম। আমার কষ্ট লাগছে। ফুটবল ছাড়া আমি বাঁচতে পারবো না। তারপরও আমি শারীরিক অসুস্থতার কারণে ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।’ এদিকে বাদল রায় প্রত্যাহারের ঘোষণা দিলেও সভাপতির ব্যালটে নাম থাকবে তার। ফলে কাউন্সিলররা চাইলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। সেক্ষেত্রে নির্বাচিত হলে হলে সভাপতির চেয়ারেও বসতে হবে তাকে।
করোনাতে সাফের বাকি প্রতিযোগিতাও বাতিল
ক্রীড়া প্রতিবেদক
চলতি মাসের সেপ্টেম্বরেই হওয়ার কথা ছিল ছেলেদের সাফ ফুটবল। ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ বলে পরিচিত এই প্রতিযোগিতার স্বাগতিক ছিল বাংলাদেশ। করোনার কারণে আগেই তা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এবার সাফের বাকি প্রতিযোগিতাগুলোও বাতিল করা হলো করোনার কারণে। ফলে এই বছর সাফের কোনও প্রতিযোগিতাই আর মাঠে গড়াচ্ছে না।
এই বছর হওয়ার কথা ছিল ছেলেদের অনূর্ধ্ব-১৫ ও ১৮ এবং মেয়েদের অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতা। কিন্তু করোনা পরিস্থিতে কোনও দেশই খেলতে রাজি না হওয়ায় এখন সবগুলো খেলাই বাতিল করতে হয়েছে দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘করোনার কারণে সাফের মূল প্রতিযোগিতা আগেই স্থগিত হয়েছে। আগামী বছরের যে কোনও সময় তা হতে পারে। এবার বয়সভিত্তিক তিনটি প্রতিযোগিতাও বাতিল করতে হয়েছে। অংশগ্রহণকারী সবদেশের সঙ্গে আমি কথা বলেছি। তারা কেউ এই করোনা পরিস্থিতির মধ্যে খেলতে রাজি হয়নি।’
বিলম্বিত আইপিএলে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান
ক্রীড়া প্রতিবেদক
অর্থের ঝনঝনানি আর লোক দেখানো গ্ল্যামারের জন্য আইপিএলের সুনাম শুরু থেকেই। তবে সেই আইপিএলকেই চিরচেনা রুপে দেখা যাবে না এবার। করোনাকালে সংযুক্ত আরব আমিরাতে আসরটি অনুষ্ঠিত হলেও তাতে থাকছে না কোনও উদ্বোধনী অনুষ্ঠান। এমনকি এবারই প্রথম আইপিএলে থাকছে না কোনও চিয়ারগার্ল।
করোনার কারণে দেরি করেই শুরু হচ্ছে এবারের আইপিএল। যা মাঠে গড়াচ্ছে আজ শনিবার। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। করোনার কারণেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তবে ম্যাচ শুরুর আগে অনুষ্ঠান উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি। অবশ্য দুবাই ও শারজায় এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বন্ধ দরজায়। তাতে লাভ হবে ব্রডকাস্টারদেরই। সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘যেহেতু দর্শকরা মাঠে আসার সুযোগ পাচ্ছে না। তাই ব্রডকাস্টাররা এবার সর্বোচ্চ রেটিংয়ের আশা করছে।’
বার্সেলোনাকে আদালতে তুলবেন সাবেক কোচ
ক্রীড়া প্রতিবেদক
লিওনেল মেসির কাব ছাড়া বিষয়ক ঝামেলার শেষ হতেই নতুন আরেক সমস্যায় পড়তে চলেছে স্প্যানিশ কাব বার্সেলোনা। কাবটির সাবেক কোচ কিকে সেতিয়েন সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার বিপক্ষে আইনি পদক্ষেপ নেবেন।
শুধু সেতিয়েন একাই নয়, আরও তিন কোচ এডের সারাবিয়া, জন পাসকুয়া এবং ফ্রান সটো মিলে তাদের চুক্তির ব্যাপারে যুক্তিযুক্ত সমাধান চাইবে বার্সেলোনার কাছে। সেতিয়েনের বদলে নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যানকে দায়িত্ব দিয়েছে বার্সেলোনা। এরই মধ্যে কোম্যানের অধীনে দুইটি ফ্রেন্ডলি ম্যাচও খেলে ফেলেছে কাবটি। অথচ এখন সেতিয়েন দাবি করছেন, বুধবারের (১৬ সেপ্টেম্বর) আগে তাকে বরখাস্ত করার বিষয়ে কোনো লিখিত কোনো চিঠি বা বার্তা দেয়নি বার্সেলোনা।
ফ্রেঞ্চ ওপেন থেকে সরে গেলেন ওসাকা
ক্রীড়া প্রতিবেদক
ইউএস ওপেন শুরুর আগেই চোট আক্রান্ত হয়েছিলেন নাওমি ওসাকা। তারপরও দারুণ খেলে জিতে নেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম। তবে চোটটা পিছু ছাড়েনি, এবার ফ্রেঞ্চ ওপেন থেকে নাম সরিয়ে নিলেন জাপানিজ এই টেনিস তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন র্যাঙ্কিংয়ের এই তৃতীয় নম্বর তারকা। ২২ বছর বয়সী জাপানের এই খেলোয়াড় বলেছেন, ‘ফ্রেঞ্চ ওপেনে এবার আমি খেলতে পারছি না। আমার হ্যামস্ট্রিংয়ের ব্যথাটা এখনও রয়ে যাওয়ায় কে কোর্টের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় পাবো না।’
চ্যাম্পিয়নস লিগের সেরার লড়াইয়ে নেই মেসি-রোনালদো
ক্রীড়া প্রতিবেদক
গত ১০ বছরের কথাই ধরা যাক। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বে কেবল একবারই হানা দিতে পেরেছেন লুকা মদরিচ। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা দুই তারকা সেরা ফরোয়ার্ডের তালিকায় নেই, এমনটা চিন্তাও করা যায় না। তবে এবার অকল্পনীয় দৃশ্যটাই ধরা পড়লো চ্যাম্পিয়নস লিগের সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে। জায়গা হয়নি সময়ের দুই সেরা খেলোয়াড়ের।
মনোনয়ন পেয়েছেন যারা: গোলকিপার- মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), ইয়ান ওবলাক (আতলেতিকো মাদ্রিদ) ও কেইলর নাভাস (প্যারিস সেন্ত জার্মেই)। ডিফেন্ডার- ইয়োশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ) ও আলফোন্সো ডেভিস (বায়ার্ন মিউনিখ)। মিডফিল্ডার- থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ) টমাস মুলার (বায়ার্ন মিউনিখ) ও কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি)। ফরোয়ার্ড- রবার্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপ্পে (প্যারিস সেন্ত জার্মেই) ও নেইমার (প্যারিস সেন্ত জার্মেই)।
বায়ার্নকে বিদায় বললেন থিয়াগো
ক্রীড়া প্রতিবেদক
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে থিয়াগো আলকান্তারার লিভারপুলে যাওয়া নিশ্চিত। ইংলিশ কাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ মিডফিল্ডারের অ্যানফিল্ডে যাওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে জার্মান কাবটির ভক্তদের উদ্দেশ্যে তার লেখা খোলা চিঠিতে। যে চিঠিতে বিদায় বলেছেন বায়ার্নকে, একই সঙ্গে জানিয়েছেন ‘অনেক পাওয়া’ কাবটিকে কখনও ভুলবেন না তিনি।
লিভারপুল থেকে আনুষ্ঠানিক ঘোষণার আসার আগেই থিয়াগো বিদায় বলে দিলেন বায়ার্নকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর, ২৯ বছর বয়সী মিডফিল্ডার চার বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন লিভারপুলে। দলবদলের অঙ্কটা ২০ মিলিয়ন পাউন্ড, সঙ্গে বাড়তি থাকছে আরও ৫ মিলিয়ন ইউরোর পারফরম্যান্স বোনাস। ২০১৩ সালে বার্সেলোনা ছেড়ে থিয়াগো যোগ দিয়েছিলেন বায়ার্নে। সাত বছরের সাফল্যময় ক্যারিয়ারে ২৯ বছর বয়সী মিডফিল্ডার জিতেছেন টানা সাতটি বুন্দেসলিগা, চার জার্মান কাপ ও কাব বিশ্বকাপ। সবশেষ চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নও পূরণ হয়েছে এবার।
কোর্টে ফিরে দারুণ শুরু নাদালের
ক্রীড়া প্রতিবেদক
মহামারি করোনার জেরে ছয় মাস পর কোর্টে ফিরলেন রাফায়েল নাদাল। ফরাসি ওপেনের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে ইতালিয়ান ওপেনে শুরুটা দারুণ করলেন স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো। স্ট্রেট সেটে হারালেন স্বদেশী পাবলো ক্যারেনো বুস্তাকে। সদ্য-সমাপ্ত ইউএস ওপেনের সেমিফাইনালিস্টকে বুধবার নাদাল হারালেন ৬-১, ৬-১ ব্যবধানে।
ম্যাচ জিতে নাদাল জানিয়েছেন, ‘এটা আমার জন্য পারফেক্ট শুরু। ফোরহ্যান্ড এবং ব্যাকহ্যান্ডে আমি দুর্দান্ত সব শট খেলেছি। আমি এতোটা ভালো পারফরম্যান্স প্রত্যাশা করিনি।’ বিশ্বের ১৮ নম্বর তথা ইউএস ওপেনের সেমিফাইনালিস্ট বুস্তা সম্পর্কে শ্রদ্ধাশীল নাদাল জানিয়েছেন, ‘পাবলো সম্ভবত একটু দুর্বল। নিউইয়র্কে সম্প্রতি একটা দারুণ টুর্নামেন্ট গিয়েছে ওর। কিন্তু আমি যদি আমার সম্বন্ধে বলি তাহলে বলতে পারি আমি একটা সলিড ম্যাচ উপহার দিয়েছি। আমি টুর্নামেন্টটা নিয়ে ভীষণই সিরিয়াস। প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুবই খুশি।’
শুরুতেই সমস্যায় কেকেআর
ক্রীড়া প্রতিবেদক
আইপিএল শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিনজন আন্তর্জাতিক তারকাকে পাচ্ছে না নাইটরা। আবুধাবিতে কোয়ারেন্টাইন নিয়মের গেরোয় ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান, উদীয়মান তারকা টম ব্যান্টন এবং আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি তারকা প্যাট কামিন্সকে প্রথম ম্যাচে নাও পেতে পারে নাইট শিবির।
এমনিতে আমিরাতের নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে কেউ গেলে তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়। তবে আইপিএল কর্তারা কথা বলে দুবাই এবং শারজার ক্ষেত্রে সেটাকে ৩৬ ঘণ্টায় নামিয়ে আনতে পেরেছেন। সমস্যা হল আবুধাবিতে। আবুধাবির প্রশাসন কিছুতেই কোয়ারেন্টাইন পিরিয়ড ছয় দিনের নিচে নামাতে রাজি নয়। কেকেআর আর মুম্বাইকে খেলতে হবে আবুধাবিতে। তাই তাঁদের দলের সদস্যদের সেই ৬ দিনেরই কোয়ারেন্টাইনে কাটাতে হবে। মুম্বাইয়ের ক্ষেত্রে স্বস্তি হল, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোনও তারকা তাঁদের দলে নেই। কিন্তু কেকেআরের তিন প্রথম সারির তারকাই খেলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার হয়ে। আইপিএলে নাইটদের প্রথম ম্যাচ আগামী ২৩ সেপ্টেম্বর।
পিছিয়ে পড়েও জিতল টটেনহ্যাম
ক্রীড়া প্রতিবেদক
মাঠের লড়াইয়ে পিছিয়ে পড়েছিল টটেনহ্যাম হটস্পার। পরে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে কোচ হোসে মরিনহোর দল। প্রতিপক্ষ কাব লোকোমোতিভ প্লোভদিভকে ধরাশায়ী করে পৌঁছে গেছে ইউরোপা লিগের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে।
জর্জি মিনচেভের মাথা ছুঁয়ে বল জালে আশ্রয় নিলে ম্যাচের ৭২তম মিনিটে এগিয়ে যায় বুলগেরিয়ার কাব প্লোভদিভ। তবে ম্যাচের দশ মিনিট বাকি থাকতেই লাল কার্ড দেখে দুজন ফুটবলার মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিণত হয় স্বাগতিক প্লোভদিভ। এ সুযোগে ৮০তম মিনিটে পেনাল্টি থেকে টটেনহ্যামকে সমতায় ফেরান হ্যারি কেন। পাঁচ মিনিট বাদে স্পার শিবিরকে জয় সূচক গোল উপহার দেন বদলি হিসেবে মাঠে নামা টানগাই এনদমবেলে। ডাবলিনে ইউরোপা লিগের কোয়ালিফায়ার পর্বের অন্য ম্যাচে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে এসি মিলান ২-০ ব্যবধানে হারিয়েছে শামরক রোভার্সকে।
ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন হিগুয়েইন
ক্রীড়া প্রতিবেদক
ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন গঞ্জালো হিগুয়েইন। তার চুক্তি বাতিলের সিদ্ধান্তটা হয়েছে কাব এবং আর্জেন্টাইন স্ট্রাইকার, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে। ধারণা করা হচ্ছে, ডেভিড বেকহ্যামের মালিকানাধীন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি কাবে যোগ দেবেন এ তারকা প্লেমেকার।
২০১৬ সালের জুলাইয়ে ইতালিয়ান ট্রান্সফার রেকর্ড ফি ৭৫ মিলিয়ন পাউন্ডে সেরি এ প্রতিপক্ষ নাপোলি থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন ৩২ বছরের এ তারকা ফরওয়ার্ড। বৃহস্পতিবার ইন্টার মিয়ামির কোচ দিয়েগো আলোনসো জানিয়েছেন, এমএলএস কাবটির সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছেন হিগুয়েইন। তার আগে গত সপ্তাহে মিয়ামি বিমানবন্দরে পৌঁছালে হিগুয়েইনকে স্বাগত জানান সাবেক ইংল্যান্ড ক্যাপ্টেন বেকহ্যামের কাবের সহ-মালিক জর্জ মাস। বিমানবন্দরে তোলা দুজনের ছবি টুইটারে শেয়ার করেছেন জর্জ মাস।











































